সাংসদের শপথ নিলেন কবিতা
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নতুন আইনপ্রণেতাকে শপথ পড়ান।
গত ২ সেপ্টেম্বর সাংসদ হাসিবুর রহমান স্বপন মারা গেলে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনটি শূন্য হয়। ২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন হয়।
কবিতা বাংলা একাডেমির সাবেক পরিচালক প্রয়াত শিক্ষাবিদ ড. মযহারুল ইসলামের মেয়ে এবং একই আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের বোন।
সংসদ সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
শপথ শেষে মেরিনা জাহান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
