২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের রাজনীতিতে ভাটার টান

সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার পরও আওয়ামী লীগের ১৪ দলের রাজপথে কোনো কর্মসূচি দেখা যায়নি, যদিও দলগুলো নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে নেমেছিল; নেতারাও একসঙ্গে বসেছিলেন দেড় বছরে মাত্র একবার।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

ও সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 12:54 AM

Updated : 10 Oct 2022, 06:23 PM

একই অবস্থা বিএনপির ২০ দলেও, দীর্ঘদিন কোনো বৈঠক হয় না, নেই কোনো কর্মসূচিও। তাদের আরেক জোট জাতীয় ঐক্যফ্রন্ট আছে কি নেই, তাও স্পষ্ট নয়।

ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী শিবিরের বাইরে ইসলামী দলগুলোর জোটও খণ্ড-বিখণ্ড হয়ে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। নানামুখী টানে বামদের জোটও টানাপড়েনের মধ্য দিয়েই চলছে।

কখনও বিএনপির সঙ্গে কখনও আওয়ামী লীগের সঙ্গে জোট গড়া জাতীয় পার্টি একবার কয়েকটি ইসলামী দলকে নিয়ে ভোটে গিয়েছিল। তাদেরও এখন জোটকেন্দ্রিক কোনো তৎপরতা নেই।

বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন কিংবা নির্বাচন দুই ক্ষেত্রেই জোটের গুরুত্বপূর্ণ ভূমিকার ইতিহাস রয়েছে। দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি বরাবরই জোট গড়েই এগিয়েছিল।

আন্দোলনের ক্ষেত্রে সাধারণত আদর্শিক অবস্থানের দিক থেকে কাছাকাছি দলগুলোকেই জোটবদ্ধ হতে দেখা যেত, তবে নির্বাচনের ক্ষেত্রে আবার এই বাছ-বিচার দেখা যেত না।

কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠনসহ নানা বিষয়ে যখন কথার লড়াই জমে উঠেছে, তখন জোটের রাজনীতিতে দেখা যাচ্ছে ভাটার টান।

১৪ দলের নিষ্ক্রিয়তার জন্য বড় দল আওয়ামী লীগের দিকেই অভিযোগের তীর শরিক দলগুলোর নেতাদের। আর বিএনপি নেতাদের নজর এখন আরও বড় জোটের দিকে, যদিও নিজেদের দুই জোটই রয়েছে নিষ্ক্রিয়।

জোটশরিকরা দুষছে আওয়ামী লীগকে

১৫ দল, আট দল পেরিয়ে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগ ১৪ দলীয় জোট গঠন করেছিল। পরে ২০০৮ সালের নির্বাচনের সময় ‘মহাজোট’ গড়লেও আওয়ামী লীগের ভাষায়, ১৪ দলই তাদের ‘আদর্শিক জোট’।

সেই ১৪ দলের কোনো কর্মসূচি নেই দেড় বছর ধরে। সর্বশেষ গত বছরের মার্চে দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে ১৪ দলের ব্যানারে ঢাকা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ত্রাণ ও ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছিল।

১৪ দলের মুখপাত্রের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রবীণতম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সমন্বয়কের পদে থাকলেও তার অসুস্থতার কারণে নাসিমই অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষাসহ জোটের কাজ এগিয়ে নিতেন।

গত বছরের ১৩ জুন নাসিম মারা যাওয়ার পর ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে।

দেড় বছর পর প্রথম বৈঠকটি করতে পেরেছেন আমু। তবে এতদিন এক হতে না পারার জন্য করোনাভাইরাস মহামারীকে দায়ী করলেও এই সময়ে আওয়ামী লীগের নিজেদের বৈঠক যেমন থেমে ছিল না, অন্য দলগুলোর বৈঠকও হয়েছে।

জোটের নিষ্ক্রিয়তার জন্য সরাসরি আওয়ামী লীগকেই দায় দিচ্ছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, যিনি শেখ হাসিনার ২০০৯-১৩ সালের আওয়ামী লীগ সরকারে মন্ত্রীও ছিলেন। 

তিনি বলেন, “২০০৪ সালে যখন ১৪ দল গঠন হয়, তখন একটা প্রেক্ষাপট ছিল। এখন প্রেক্ষাপট পাল্টেছে। ১৪ দলের নেতৃত্বাধীন প্রধান দল, এখন ক্ষমতায় যারা, তারা হয়ত মনে করছেন, জোট ছাড়াই তারা কাজ করতে সক্ষম।

“যখন আবার তাদের মনে হবে, তারা হয়ত নতুন করে কাজ করবেন। এখন ১৪ দলের ভাটার টান চলছে। তবে এরকম সবসময় থাকবে না। আবারও ১৪ দলের প্রয়োজন পড়বে।”

১৪ দলের প্রয়োজন আবার দেখা দেবে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুও।

তিনি বলেন, “সাম্প্রতিক সমযে দুর্গাপূজায় যে ঘটনা (হিন্দু সম্প্রদায়ের উপর হামলা) ঘটল, তাতে ১৪ দলের রাজনীতির প্রয়োজনীয়তা আরও ফুটে উঠল।”

আওয়ামী লীগ ১৪ দলকে ‘গুরুত্বহীন’ মনে করছে কি না- জানতে চাইলে ইনু বলেন, “১৪ দলের প্রয়োজনীয়তা আওয়ামী লীগসহ সব শরিক দল বোঝে। এর বাইরে কারও কোনো মতামত থাকলে আমি জানি না।” 

আওয়ামী লীগ ২০০৯ ও ২০১৪ সালে সরকার গঠনের সময় জোট শরিক দলগুলোকেও মন্ত্রিসভায় স্থান দিয়েছিল। এর আগে ১৯৯৬ সালে সরকার গঠনের সময়ও অন্য দলগুলোকে মন্ত্রিসভায় নিয়েছিল। কিন্তু বর্তমান সরকারে কোনো দলের কাউকেই রাখেনি।

“সার্বিকভাবে বলব, যে বিষয়গুলো নিয়ে ১৪ দল গঠন হয়েছিল, সেই জায়গাটা এখন নেই,” বলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, যিনিও এক সময় মন্ত্রী হয়েছিলেন।

মেনন বলেন, “১৪ দল যখন গঠন হয়, তখন যে বিষয়গুলো ছিল, আমরা সরকারের নীতি নিয়ে কথা বলব, সাম্প্রদায়িকতাবিরোধী রাজনীতি করব, সেই জায়গাটা এখন নেই।

“নাসিম সাহেব যখন সমন্বয়কের দায়িত্বে ছিলেন, তখনও আমরা অনেক বিষয়ে কথা বলেছি। কিন্তু এখন এই যে দুর্গাপূজায় যে হামলা হলো, তারপর আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলাম, আমাদের দাবি জানালাম, কিন্তু কিছুই হল না।”

“আমরা প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু সরকারের নীতি নিয়ে কথা বলছি,” বলেন এই বাম নেতা।

১৪ দলের বর্তমান অবস্থাকে স্থবিরতা বললেও নিষ্ক্রিয়তা মানতে নারাজ বর্তমান সমন্বয়ক আমু। 

তিনি বলেন, “জোট নিষ্ক্রিয় নয়। করোনার কারণে সব স্থবির ছিল। সে কারণে মনে হচ্ছিল নিষ্ক্রিয়। আমি সমন্বয়কের দায়িত্ব নেওয়ার পর মহামারীর জন্য রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা যায়নি।

“তবে সাম্প্রতিক যে সাম্প্রদায়িক কাণ্ড ঘটেছে সেখানে, ১৪ দলের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে জোটের বক্তব্য তুলে ধরেছেন। নোয়াখালীতেও প্রতিনিধি দল গিয়েছিল।”

দেড় বছরে মঙ্গলবার প্রথম বৈঠকের পর আমু বলেন, দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করেছে ১৪ দল। এর সময়সূচি পরে জানানো হবে।

Image
১৪ দলের নেতাদের বৈঠক অনিয়মিত হয়ে পড়েছে। ফাইল ছবি

১৪ দলের নেতাদের বৈঠক অনিয়মিত হয়ে পড়েছে। ফাইল ছবি

২০০৩ সালের শেষ ভাগ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে বাম দলগুলোর সমন্বয়ে জোট গঠনের প্রচেষ্টা শুরু হয়। কিছু দিন আন্দোলনের যুগপৎ কর্মসূচি পালনের পর ২০০৫ সালের ১৫ জুলাই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ২৩ দফা লক্ষ্য ও কর্মসূচির ভিত্তিতে আওয়ামী লীগ, ১১ দলীয় জোট, জাসদ ও ন্যাপকে নিয়ে ১৪ দলীয় জোট গঠন করা হয়।

অবশ্য সে সময় ১১ দলের চার শরিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (খালেকুজ্জামান), বাসদ (মাহবুব) ও শ্রমিক কৃষক সমাজবাদী দল ১৪ দলীয় জোটে যুক্ত হয়নি। ফলে শুরুতে ১৪ দলে প্রকৃতপক্ষে দল ছিল ১০টি।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কামাল হোসেনের ভূমিকার কারণে তার নেতৃত্বাধীন গণফোরামকে জোট থেকে বাদ দেওয়া হয়, জোটে দল দাঁড়ায় ৯টি।

পরে ২০১৪ সালের নির্বাচনের আগে আরও তিনটি দল জাতীয় পার্টি-জেপি, তরীকত ফেডারেশন এবং বাসদ (মাহবুব) থেকে বেরিয়ে আসা একটি অংশকে নিয়ে গঠিত বাসদ (রেজাউর) ১৪ দলে যুক্ত হয়।

২০১৬ সালে ইনুর নেতৃত্বাধীন জাসদ ভেঙে গঠিত আলাদা দল বাংলাদেশ জাসদ ১৪ দলে দলের সংখ্যা বাড়িয়ে ১৩টি করে। এখন ১৪ দলে এই ১৩টি দলই রয়েছে।

এই জোটে আওয়ামী লীগ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি-জেপি ও তরীকত ফেডারেশনের সংসদে প্রতিনিধিত্ব রয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধন রয়েছে ন্যাপ, গণতন্ত্রী পার্টি ও সাম্যবাদী দলের। বাকি পাঁচ দল বাংলাদেশ জাসদ, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি ও বাসদের (রেজাউর) নিবন্ধন নেই।

২০০৮ সালে নির্বাচন কেন্দ্র করে এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিসহ আরও কয়েকটি দল ১৪ দলের সঙ্গে যুক্ত হলে তাকে ‘মহাজোট’ বলেছিল আওয়ামী লীগ। কিন্তু জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে সংসদে অবস্থান নেওয়ায় সেই মহাজোটও এখন নেই।

জোট নিষ্ক্রিয় রেখে বড় ঐক্যের সন্ধানে বিএনপি

৭ দল পেরিয়ে ১৯৯৯ সালে আওয়ামী লীগ আমলে ১৯৯৯ সালে চারদলীয় জোট গঠন করে বিএনপি। জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট ছিল সেই জোটে। এক সময় জাতীয় পার্টির মূল অংশ বেরিয়ে গেলেও আরেকটি অংশ বিজেপি নামে থেকে যায় জোটে।

চারদলীয় জোটের পরিধি বাড়িয়ে প্রথমে ১৮ দল এবং ২০১২ সালে ২০ দলীয় জোট গঠন করে বিএনপি।

Image
২০ দলের এমন বৈঠক হয় না দীর্ঘদিন। ফাইল ছবি

২০ দলের এমন বৈঠক হয় না দীর্ঘদিন। ফাইল ছবি

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগে  কামাল হোসেনের গণফোরাম, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এবং আ স ম আবদুর রবের জেএসডিকে নিয়ে বিএনপি গঠন করে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকল্প ধারা শুরতে এই উদ্যোগে থাকলেও পরে আর আসেনি। তবে বিকল্প ধারার ক্ষুদ্র একটি অংশ যোগ দেয় ঐক্যফ্রন্টে। আব্দুল কাদের সিদ্দিকীর কৃষক, শ্রমিক, জনতা লীগ শুরুতে জোটে থাকলেও পরে ছেড়ে যান।

ঐক্যফ্রন্ট গঠনের পর বিএনপির পুরনো জোট ২০ দল গৌণ হয়ে পড়ে। ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়া এই জোট থেকে কেউ কেউ ছুটেও যায়। বিজেপিও এক পর্যায়ে জোট ছেড়ে যায়।

আবার জাতীয় ঐক্যফ্রন্টও নির্বাচনের কিছু দিন পর আর এগোতে দেখা যায়নি। উপরন্তু এই জোটের উদ্যোক্তাদের একজন জাফরুল্লাহ চৌধুরীর সাম্প্রতিক কিছু মন্তব্যে বিএনপির মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায়।

দীর্ঘদিন ধরে কোনো বৈঠক কিংবা কোনো কর্মসূচি না থাকা নিয়ে জোটের কোনো নেতাই মুখ খুলতে চাননি।

সার্বিক অবস্থা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা একটা বৃহত্তর প্ল্যাটফর্মে আন্দোলনের নামার টার্গেট নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। সেখানে বাম-ডান, গণতান্ত্রিক, দেশপ্রেমিক রাজনৈতিক সব দলকে একত্রিত করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”

প্রায় ২৫টি দলকে নিয়ে জোট করার পর এখন জোটে আর কাকে চান, তা নির্দিষ্ট করছেন না বিএনপি নেতারা।

খন্দকার মোশাররফ ইতোপূর্বে বলেছিলেন, জোট না হলে বিভিন্ন দলের সঙ্গে যুগপৎ কর্মসূচিতেও তাদের আপত্তি নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের এখন লক্ষ্য একটাই, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। এরকম সরকার ব্যবস্থা ছাড়া আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে না। এটাই ফাইনাল।”

Image
জাতীয় ঐক্যফ্রন্টও এখন নিষ্ক্রিয়। ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টও এখন নিষ্ক্রিয়। ফাইল ছবি

২০ দলীয় জোটে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, জাগপা, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, পিপলস লীগ, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি।

এর অধিকাংশ দলের নিবন্ধন নেই। জামায়াতে ইসলামীও নিবন্ধন হারিয়েছে।

বিএনপির কাছাকাছি থাকা অলি আহমদ ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে আরেকটি জোট নিয়ে আছেন। সেখানে এলডিপির সঙ্গে রয়েছে কল্যাণ পার্টি, জাগপা(তাহমিনা), জমিয়তে উলামায়ে ইসলাম।

বিএনপির আরেক জোট জাতীয় ঐক্যফ্রন্টের গণফোরামও ভেঙেছে। দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া সম্প্রতি নুরুল হক নূরকে নিয়ে ‘বাংলাদেশ গণঅধিকার পরিষদ’ নামে একটি রাজনৈতিক দল গড়েছেন।

দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়া রেজা কিবরিয়া বলেন, “নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা একটা সুষ্ঠু নিবাচন চাই, আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই।”

বাম ঐক্যে টানাপোড়েন

সরকারবিরোধী অবস্থান নিয়ে থাকলেও বামদের বাইরে অন্য দল বা গোষ্ঠীর সঙ্গে জোট করা হবে, কী হবে না, তা নিয়ে টানাপোড়ন চলছে বাম গণতান্ত্রিক জোটে।

জোটভুক্ত দলগুলোর কেউ কেউ চায় গণফোরাম, নাগরিক ঐক্যের মতো দলগুলোর সঙ্গে মিলে আন্দোলন করতে। তাতে আবার জোটের কেউ কেউ রাজি নয়।

এক সময় আওয়ামী লীগের সঙ্গে থাকা বাম দলগুলো গত শতকের ৯০ এর দশকে বামফ্রন্ট গঠন করে। ১৯৯৮ সালে জোটের পরিসর আরও বাড়িয়ে গণফোরামসহ কয়েটি দলকে নিয়ে গড়েছিল ১১ দল।

কিন্তু ১১ দল ১৪ দলে মিশে গেলে সিপিবি ও বাসদসহ কয়েকটি বাম দল তা থেকে সরে এসে নিজেদের মতো করে চলছিল।

এর মধ্যে গণসংহতি আন্দোলনসহ কয়েকটি দল গঠন করে একটি মোর্চা। আর সিপিবি-বাসদ জোট করে যৌথভাবে কর্মসূচি চালিয়ে আসছিল। ২০১৮ সালে এরা সবাই মিলে গঠন করে বাম গণতান্ত্রিক জোট।

এরই জোটের কর্মসূচিতে সিপিবি ও বাসদের দুটি অংশ সক্রিয় থাকলেও অন্যদের সক্রিয়তা এখন দেখা যাচ্ছে না, যদিও তাদের দলীয় কর্মসূচি থাকছে। সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বামজোটের রোডমার্চেও দেখা গেছে, সিপিবি ও বাসদের নেতাকর্মীদের তৎপরতাই বেশি।

বাম জোটে রয়েছে- সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।

Image
বাম গণতান্ত্রিক জোটেও রয়েছে টানাপড়েন। ফাইল ছবি

বাম গণতান্ত্রিক জোটেও রয়েছে টানাপড়েন। ফাইল ছবি

জোটভুক্ত বিভিন্ন দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জোটের বাইরে অন্যান্য দল, গোষ্ঠী ও ব্যক্তিদের নিয়ে নাগরিক মঞ্চ গঠন করতে আগ্রহী কিছু দল। এ নিয়ে জোটের অভ্যন্তরেও কথা-বার্তা রয়েছে।

সাম্প্রতিক সময়ে গণফোরাম, নাগরিক ঐক্য, জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিকে। জোটের ভেতরে তাকে নিয়ে রয়েছে প্রশ্ন।

এবিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অনেকগুলো কাজ করতে হবে। যেমন সংবিধান সংশোধন, আইন সংশোধন, এরকম অনেক কিছু। এই বিষয়ে আমরা মনে করি, শুধু বাম জোট নয়, এর বাইরে যেসব গণতান্ত্রিক শক্তি রয়েছে তাদের সঙ্গে যুগপৎ কর্মসূচি দিতে হবে।”

বামদের বাইরে জোটের কথা কেন ভাবছেন- প্রশ্নে তিনি বলেন, “ভোটাধিকার তো ১৮ কোটি জনগণের দাবি। এই শাসনব্যবস্থাকে আমরা ফ্যাসিবাদী বলছি। তাহলে যে কথাটা আমরা বারবার বলছি, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সেটা নিয়ে আন্দোলন করতে হলে বৃহত্তর ঐক্য লাগবে। এই আন্দোলনে যারাই আসবে তাদের সঙ্গে যুগপৎ কর্মসূচি আমরা দিতে পারি। একটা প্ল্যাটফর্মে আসতে পারি।”

একই কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লড়াইটা একা বামপন্থীদের নয়। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে তখন যখন সরকারকে গণআন্দোলনের মুখে বাধ্য করা হবে। সেটার জন্য অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অন্যান্য দলগুলোকেও দরকার।”

বামপন্থিদের বাইরে অন্য দল বা ব্যক্তিকে জোটে অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা রয়েছে কি না- এ প্রশ্নের জবাবে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “অনেকেই তো বলতে চায় বিএনপির সাথে জোট করতে। আওয়ামী লীগও তো একসময় আমাদের সঙ্গে জোট করতে চেয়েছিল। আমরা তো যাইনি। আমরা আলাদা জোট।

“যদি কোনো উদারনৈতিক গণতান্ত্রিক শক্তি আন্দোলনের ধারাবাহিকতায় আসতে চায়, আসতে পারে। তবে সেটা রাজপথের ঐক্য। বাম জোট বামপন্থিদের জোট।”

সিপিবি নেতার মতোই বলেন বামজোটের বর্তমান সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ।

তিনি বলেন, “বাম জোট বামপন্থীদের একটি জোট। এর বাইরে অপরাপর বাম শক্তির সঙ্গে যুগপৎ আন্দোলন হবে। এভাবে আন্দোলন করতে করতে পথেই পথ পাওয়া যাবে।

“অপর যে উদারনৈতিক গণতান্ত্রিক দল আছে, তারা তাদের মত কর্মসূচি করবে। বৃহত্তর ঐক্য কী হবে সেটা নির্ধারণ করবে আন্দোলন।”

বাম জোট গণফোরাম বা নাগরিক ঐক্যের সঙ্গে যোগ দেবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “কোনো দল বা গোষ্ঠী যদি কোনো ইসুতে মাঠে নামে আমরা কি মানা করব? এখন বিএনপি যদি মাঠে নামে আমরা বাধা দেব? তারা তাদের মতো করছে। আমরা আমাদের মতো। এখানে জোটের কোন বিষয় নেই।”