২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জি এম কাদেরের মুখে নূর হোসেনের স্লোগান

বুকে-পিঠে যে স্লোগান লিখে এরশাদবিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন নূর হোসেন, সেই স্লোগান তুললেন জি এম কাদের। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 10:35 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই সামরিক শাসক এরশাদের ভাই কাদের ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান তোলার পাশাপাশি নূর হোসেন হত্যার তদন্তও দাবি করেছেন।

জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান কাদের বলছেন, তার ভাই ক্ষমতায় থাকার সময় নূর হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল জাতীয় পার্টির ‘দুর্নাম’ রটাতে।

১০ নভেম্বর বুধবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। সামরিক শাসক এরশাদকে ক্ষমতা থেকে হটাতে ১৯৮৭ সালের এই দিনে বিরোধী রাজনৈতিক দলগুলোর ঢাকা অবরোধ কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন যুবলীগকর্মী নূর হোসেন।

বুকে-পিঠে স্লোগান লিখে নূর হোসেনের সেই আত্মত্যাগ হয়ে উঠেছিল সামরিক শাসনবিরোধী আন্দোলনের প্রতীক, কবিতার উপাদান। তার ধারাবাহিকতায় আন্দোলন তীব্র হয়ে ওঠে, ১৯৯০ সালের ডিসেম্বরে পতন ঘটে এরশাদের।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রতি বছর ১০ নভেম্বর নূর হোসেন দিবস পালন করে।

সেই দিনে বুধবার দলের এক আলোচনা অনুষ্ঠানে জি এম কাদের বলেন, “নূর হোসেন বুকে ও পিঠে যে স্লোগান লিখেছিলেন, আজ আমরাও সেই স্লোগান দিচ্ছি। আজ আমরাও বলছি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।”

বাংলাদেশের রাজনীতিতে পালাবদলে এরশাদ পরে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের সঙ্গেই জোট গড়েছিলেন। আওয়ামী লীগের সঙ্গে জোটে ভিড়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূতও হয়েছিলেন তিনি।

বিএনপির বর্জনের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে সরকারেও অংশ নিয়েছিল জাতীয় পার্টি; জিএম কাদেরসহ জাতীয় পার্টির কয়েকজন শেখ হাসিনার সরকারে মন্ত্রীও হয়েছিলেন।

এখন জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের আসনে রয়েছে। এরশাদের মৃত্যুর পরে দলের চেয়ারম্যানের পদে আসা কাদের সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্বেও রয়েছেন।

নূর হোসেন হত্যাকাণ্ডের পর তিন বছর এরশাদ ক্ষমতায় থাকলেও কাদের এখন সেই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন। 

তিনি বলেন, “নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নূর হোসেন হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। কেন নূর হোসেন হত্যার পোস্ট মর্টেম রিপোর্ট প্রকাশ হল না? আজ দেশের মানুষ জানতে চায়, কেন নূর হোসেন হত্যায় মামলা হল না?

“১৯৯১ সালের পর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নামে অসংখ্য মামলা হয়েছে। কিন্তু নূর হোসেন হত্যার মামলা হল না কেন? এখন মনে হচ্ছে, জাতীয় পার্টির দুর্নাম করতেই ষড়যন্ত্রের মাধ্যমে নূর হোসেনকে হত্যা করা হয়েছে।”

সেনাপ্রধান থেকে রাষ্ট্রক্ষমতা দখলকারী এরশাদ ১৯৮৬ সালে সামরিক আইন প্রত্যাহার করেছিলেন, সেজন্য দিনটি ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে জাতীয় পার্টি। সেই দিবসের অনুষ্ঠানেই বক্তব্য রাখেন কাদের।

তিনি বলেন, “১৯৮৬ সালের ১০ নভেম্বর সামরিক আইন তুলে দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছেন। ১৯৯১ এর পরে দুটি দল গণতন্ত্রের নামে জনসাধারণের সঙ্গে প্রতারণা করেছে। তারা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেনি। গণতন্ত্রের কথা বলে জনগণের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ ও বিএনপি, তা তারা রক্ষা করেনি।”

এই সভায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষকে গণতন্ত্রের প্রকৃত স্বাদ ফিরিয়ে দিতেই জাতীয় পার্টির রাজনীতি।”

কয়েক বছর আগেও আওয়ামী লীগের সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা চুন্নু বলেন, “বর্তমান সংবিধান অনুযায়ী দেশে গণতন্ত্র চর্চা চলে না, বর্তমান সংবিধান অনুযায়ী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়।”

সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, “সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না বলেই অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আবার পরিবহন খাতের সঙ্গে নাটকের মাধ্যমে ধর্মঘট ডেকে সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাড়া যা বাড়িয়েছে, তার প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে গণপরিবহনে।”

দ্রব্যমূল্যের উর্ধ্বগিতর পাশাপাশি চিকিৎসায় অব্যবস্থাপনার জন্যও সরকারকে দায়ী করেন তিনি।

ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার।

পুরনো খবর:

শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তির জন্য রাঙ্গাঁর দুঃখপ্রকাশ