সাম্প্রদায়িকতার ডালপালা ছড়িয়েছে অনেক: কাদের
সাম্প্রদায়িকতার ‘শেকড়’ অনেক গভীরে পৌঁছেছে জানিয়ে তার মূল ‘উৎপাটনের’ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার জেল হত্যা দিবসে রাজধানীর বনানীতে জাতীয় তিন নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষের চারা রোপিত হয়, সেই গাছের ডালপালা বিস্তৃত হয়েছে অনেক দূর। তাদের শেকড়ও চলে গেছে আমাদের মাটির অনেক গভীরে।
“আজকের দিনে প্রধান শত্রু হচ্ছে জাতির সাম্প্রদায়িকতা। আমাদের অভিন্ন বিপদ সাম্প্রদায়িকতা। কাজেই এই অপশক্তিকে রুখতে হবে। সেজন্য অসাম্প্রদায়িক দেশপ্রেমিক সরকারকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে উৎপাটনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”
দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়।
এর জের ধরে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটে।
নোয়াখালীর ঘটনায় ‘বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার তথ্য’ এসেছে বলে জানিয়েছে পুলিশ। সেখানকার ঘটনায় গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা ইতোমধ্যে আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।
গত ২৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কুমিল্লা এবং রংপুরের ঘটনাতেও সেরকম নাম আসছে। তবে শতভাগ নিশ্চিত হয়ে নাম প্রকাশ করা হবে।
মুক্তিযুদ্ধবিরোধী ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে সাম্প্রদায়িক রাজনীতির ‘গোড়াপত্তন হয়’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কারাগারে জাতীয় চার নেতাকে হত্যায় ‘দেশি-বিদেশি’ একটি চক্র জড়িত।
“১৫ আগস্টের পর ৩ নভেম্বর মানবসভ্যতার ইতিহাসে আরেকটি বর্বরোচিত, নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়। নিরাপদ স্থান বলে পরিচিত কারাগার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চারজন বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধুর সহযোগীদের সেদিন নির্মমভাবে হত্যা করেছিল।
“এরপর থেকে বাংলাদেশে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতির ধারা চলতে থাকে। চিরাচরিত মুক্তিযুদ্ধের ধারা থেকে বাংলাদেশকে বের করে আনা হয় এবং ২১বছর ধরে এই ধারা মুক্তিযুদ্ধবিরোধী ষড়যন্ত্রের রাজনীতি চলতে থাকে।”
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
জাতীয় চার নেতা হত্যার দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বনানী কবরস্থানে তিন নেতার কবলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। রাজশাহীতে কামারুজ্জামানের কবরেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও পড়ুন
