এমপির শপথ নিলেন শেরীফা কাদের
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের।
সোমবার বিকালে সংসদের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়ান বলে সংসদ সচিবালয় জানায়।
সংসদ সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান ও নাজমা আক্তার এসময় উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে শেরীফা কাদের রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়।
সেই আসনে দলীয় মনোনয়ন পেয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা।
শেরীফা কাদের জাতীয় পার্টির সাংস্কৃতিক উইং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি।
জি এম কাদেরের ভাই, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদ তার ভাইয়ের স্ত্রী শেরীফাকে দলের ভাইস চেয়ারম্যান করে গিয়েছিলেন।
