২০০৬ সালের ‘হামলায়’ বিএনপিকে দোষারোপ: জামায়াত নেতার বক্তব্যে ক্ষুব্ধ মোশাররফ
জামায়াতে ইসলামীর এক নবীন নেতা ২০০৬ সালের অক্টোবরে ‘হামলার’ ঘটনায় বিএনপিকে দোষারোপ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘‘না জেনে এভাবে কথা বলা উচিত না। এটা অন্ধের হাতি দেখার কথা বলে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা মাত্র।
“অন্ধ যেমন হাতির লেজকে মনে করে হাতি বোধহয় দড়ির মতো, আর কান ধরলে মনে করে হাতি বোধহয় কুলার মতো। ওই রকমভাবে কেউ না জেনে না শুনে কথা বলে ওই দিনের বিষয়টিকে নিয়ে কনফিউশন সৃষ্টি করা উচিত না এখানে।”
মোশাররফের অভিযোগ, “২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার আন্দোলনে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। আওয়ামী লীগের ওই লগি-বৈঠার আন্দোলনের দিন মানবাধিকারের কবর রচিত হয়েছিল, সেদিন গণতন্ত্রকেও আঘাত করেছিল, ‘বর্বরোচিতভাবে’ মানুষ ‘হত্যা করেছিল’ তারা।”
নাগরিক ফোরামের উদ্যোগে ‘মানবাধিকার ও আইনের শাসন: প্রেক্ষিত ২৮ অক্টোবর’ শীর্ষক এ আলোচনা সভা হয়।
সভার শুরুর দিকে জামায়াতে ইসলামীর নবীন নেতা আইনজীবী সাইফুর রহমান বলেন, ‘‘সেদিন ২৮ অক্টোবর পুরানা পল্টনের মোড়ে জামায়াতের সমাবেশে হামলা ও আমাদের কয়েকজনের মৃত্যুর জন্য ওই সময়ে জোট সরকারের মন্ত্রীরা দায় এড়াতে পারবেন না। এখানে বিএনপির একজন সিনিয়র নেতা আছেন তার কাছে আমি জানতে চাই এই বিষয়ে।”
এ পর্যায়ে খন্দকার মোশাররফ হোসেন ক্ষুব্ধ হয়ে বলেন, ‘‘আমি কি তোমার প্রশ্নের জবাব দিতে এসেছি। তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? তুমি কার সামনে কথা বলছো, কি বলছো বুঝ। ফাইজলামির একটা সীমা আছে।”
এ সময়ে তিনি আয়োজকদের ডেকে বলেন, “কাদেরকে বক্তৃতা দিতে দাও?”
দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও ক্ষোভ প্রকাশ করে ওই নবীন আইনজীবীকে বলেন, ‘‘এখানে কনফিউশন সৃষ্টি করতে এসেছেন। আরে আপনি বসেন…।”
সভায় উপস্থিত আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘অ্যাডভোকেট সাইফুর বলেন, ২০০৬ সালে বিএনপি জামায়াত জোট সরকার থাকার পরও কীভাবে জামায়াতের ওপর হামলা হল? বিএনপি কেন জামায়াতের সাথে একসাথে সমাবেশ করলে না। এর জবাব বিএনপিকে দিতে হবে। এখানে বিএনপির একজন সিনিয়র নেতা আছে তিনি ওই সময়ে মন্ত্রী ছিলেন তিনি জবাব দিন।”
এই বক্তব্যের পরপরই উত্তেজিত হন খন্দকার মোশাররফ ও শামসুজ্জামান দুদু।
ঘটনার এক পর্য়ায়ে অবশ্য পরে সাইফুর রহমান কিছুটা অনুতপ্ত হয়ে খন্দকার মোশাররফের কাছে এসে দু:খ প্রকাশ করেন।
রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খন্দকার মোশাররফ বলেন, ‘‘আমি ক্ষুব্ধ হয়েছি। এরকম বক্তৃতার পর আমি আয়োজকেদের বলেছিলাম তোমরা আলোচনা করো। আমি ও দুদু চলে আসতে চেয়েছিলাম।
“এরকম কনট্রোভিরশিয়াল কথা-বার্তা শুনতে আসি নাই আর জবাব দিতেও আসি নাই। পরে ওই ছেলে (সাইফুর) ও আয়োজকরা এসে মাফ-টাফ চেয়েছে।“
তিনি জানান, ওই সভায় জামায়াতের দুই জন জ্যেষ্ঠ নেতা ছিলেন। তারা খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন।
নাগরিক ফোরামের সভাপতি আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের একান্ত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জামায়াতের মতিউর রহমান আখন্দ ও হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
