২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মরণোত্তর বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে ‘জড়িত’ হিসেবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের কথা বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2021, 07:23 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

তিনি বলেছেন, “জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে। এটাই আমার শেষ কথা। এটাই বলার জন্য আমি এখানে দাঁড়িয়েছি, এটার জন্যই আমি রাজনীতি করি।”

শনিবার ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আমাদের অভিভাবক, আমাদের অস্তিত্বের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটিতে সকল বিচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচারও হয়েছে।

“পলাতক খুনিদেরকে দেশে ফিরিয়ে আনার সকল প্রস্তুতি কূটনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে চলমান আছে। শুধু আর একটি বিচার বাকি আছে। এই দায় থেকে মুক্তি চাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে।”

বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, “বাঙালি জাতিকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছিলেন। এসবই কি জাতির পিতার অপরাধ ছিল? এজন্যই কি জাতির পিতাকে সপরিবারে খুনিরা হত্যা করেছিল?

“আমার দায়, আমার ঋণ শোধ করার জন্যই আমি ডাক্তারের পেশা ছেড়ে দিয়ে রাজনীতি করি।” 

বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে এই সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, তথ্য সচিব মো. মকবুল হোসেনও বক্তব্য রাখেন।