২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে নেতাকর্মীদের শ্রদ্ধা

দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2021, 01:40 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি  প্রতিষ্ঠা করেন।

বুধবার স্বাস্থ্যবিধি মেনে সকাল ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এই সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান, মহানগর বিএনপির উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের রফিকুল আলম মনজু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ এবং যুবদলের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধা জানানো হয়।

‘চন্দ্রিমা উদ্যানে কঠোর বিধিনিষেধ’

সংসদ অধিবেশন উপলক্ষে সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা নিবেদনে কর্মীদের প্রবেশ করতে দেয়নি পুলিশ।

সকাল ১০টা ৪০ মিনিটে চন্দ্রিমা উদ্যানের প্রবেশ পথ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১০/১২ জন হেঁটে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন। আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের গাড়ি নিয়ে প্রবেশ করতে দিলেও এবার পুলিশ তা দেয়নি।

এ সময় মির্জা ফখরুল বলেন, “আজকে আমাদেরকে নেতা-কর্মী নিয়ে আসতে দেয়া হয়নি। সরকার বিধি-নিষেধ আরোপ করেছে, সম্পূর্ণভাবে তারা বিধিনিষেধ জারি করেছে।

“পুলিশ আগেই জানিয়ে দিয়েছে আজকে ৩০ জনের বেশি আসা যাবে না। এটা নাকি এখন তাদের কন্ট্রোলের মধ্যে নেই। আরো বড় নিরাপত্তার আন্ডারে চলে গেছে। এভাবে তারা বাধার সৃষ্টি করেছে।”

গত ১৭ অগাস্ট নবগঠিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “মাজারে যখন আমরা আসি তখন আমাদেরকে বাধা দেয়া হয়, নেতা-কর্মীদের ওপর গুলি চালানো হয়, আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই, তাদের মামলা প্রত্যাহার চাই।”

চন্দ্রিমা উদ্যানে কড়াকড়ির প্রসঙ্গে পুলিশের তেজগাঁও জোনের এডিসি রুবাইয়াত জামান বলেন, “এখানে বাধা দেয়ার কোনো ঘটনা ঘটেনি। আপনারা উপস্থিত ছিলেন, কারা কারা এসেছেন দেখেন। প্রত্যেকে কিন্তু বাধাহীনভাবে প্রবেশ করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন। সুন্দরভাবে তারা তাদের কর্মসূচিটি সম্পন্ন করেছেন।

“আপনারা জানেন আজকে বিকালে সংসদ অধিবেশন বসছে। এজন্য ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা আছে, কিছু বিধিনিষেধ আছে সেটা জেনেই তারা তাদের কর্মসূচি সম্পন্ন করেছেন।”

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।