তরুণদের জেগে উঠতে হবে: ফখরুল
‘সরকার হটানোর’ আন্দোলনের জন্য ‘আগাম প্রস্তুতি’ নিতে দলের নেত্কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি, আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না। আমরা হাজার হাজারও মানুষ যে মিথ্যা মামলা নিয়ে চেপে বসে আছি আমরাও মুক্ত হতে পারব না।”
ফখরুল বলেন, “সেজন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহবান জানাচ্ছি। আমাদেরকে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকার, তাদেরকে পরাজিত করতে হবে।”
নির্বাচনকালীন ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশনের পরিচালনায় ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন দিতে সরকারকে ‘বাধ্য করার’ আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে।
সরকারের দোষ-ক্রটি দেখিয়ে দেওয়া যে বিরোধী দলের দায়িত্ব, সে কথা তুলে ধরে ফখরুল বলেন, “টিকা নিয়ে যে তেলেসমাতি কাণ্ড তারা করেছে, তার একমাত্র কারণ হচ্ছে-চুরি করা। টিকা নিয়ে দুর্নীতি করেছে, টিকা নিয়ে ব্যবসা করতে চেয়েছে, মানুষের জীবনকে জিম্মি করে তারা টিকা নিয়ে ব্যবসা করছে।”
রাজধানীর গোরানে ফ্রেন্ডস কনভেনশন সেন্টারে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’ এর উদ্বোধনে উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
‘করোনা হেল্প সেল’ এর উদ্বোধন করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “এই করোনা নিয়ে দেশে রাজনীতি হচ্ছে, এই করোনা নিয়ে ব্যবসায়িক রাজনীতি হচ্ছে, রাষ্ট্রীয় রাজনীতি হচ্ছে, জাতীয় রাজনীতি হচ্ছে।
“আর করোনা নিয়ে রাজনীতি নয়, টিকা নিয়ে রাজনীতি নয়। আমি আজকে আহবান জানাব, আসুন সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করে এই করোনাকে প্রতিহত করি।”
বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করা হলেও এবং একসঙ্গে কেন আনা যাচ্ছে না- সেই প্রশ্ন তুলে তিনি বলেন, “কারণ একটাই, বিশেষ ব্যক্তিদের সুবিধা দেওয়ার কথা ছিল, সেই বিশেষ ব্যক্তিদের সুবিধা দিতে না পেরে দেরি হয়ে গেছে।”
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও খিলগাঁও থানা সভাপতি ইউনুস মৃধার পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ইউসুফ বিন জলিল কালু, আবদুল মানায়েম মুন্না, মাসুদ আহমেদ মিলন, গোলাম হোসেন, জামিলুর রহমান নয়ন, মাহবুবুল আলম বাদল, এনামুল হক এনাম, আল-আমীন প্রমুখ বক্তব্য দেন।
