তারেক রহমানের নির্দেশিত পথে আসবে ‘জনগণের সরকার’: ফখরুল
ভার্চুয়াল এক আলোচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দেখানো পথ ধরে দেশে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠায় তারা সফল হবেন বলে তিনি আশাবাদী।
বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনস-বিএনআরসির উদ্যোগে সোমবার ‘জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনরায় লুণ্ঠনের এক নতুন ষড়যন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে নীতি নির্ধারণী বক্তব্য রাখেন তারেক রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
বিএনআরসির পরিচালক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের পরিচালনায় আড়াই ঘণ্টার এই ভার্চুয়াল আলোচনায় নির্বাচন কমিশনের সাবেক সচিব আব্দুর রশিদ সরকার ও মোহাম্মদ জকরিয়াও যুক্ত ছিলেন।
ফখরুল বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সরকার প্রতিষ্ঠায় একটা দিক-নির্দেশনা দিয়েছেন। তার দিক-নির্দেশনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট হব।
“আমরা আশা করি, আগামী দিনগুলোতে সেই লক্ষ্যেই আমাদের সমস্ত কাজ, আমাদের শক্তি, আমাদের মেধাকে আমরা নিয়ো্গ করব।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান এতে বক্তব্য রাখেন।
রাষ্ট্রে আজ সব প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া হয়ছি দাবি করে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে ‘রাজনৈতিকভাবে’ সমাধান আনতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
সেজন্য ‘ফ্যাসিস্ট সরকার’কে সরানোর উপর জোর দিয়ে তিনি বলেন, “আজকে যেটা বড় প্রয়োজন ঐক্য, জনগণের ঐক্য। সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে, একটা গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
