২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালকে সরঞ্জাম কেনার ক্ষমতা দেওয়ার দাবি ইনুর

মহামারীকালে জরুরি কেনাকাটায় হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ ক্ষমতা দেওয়ার দাবি তুলেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2021, 09:33 PM

Updated : 02 Aug 2022, 06:00 PM

রোববার করোনাভাইরাসের চিকিৎসা ব্যবস্থাপনা ও প্রস্তুতি জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিদর্শনের সময় তিনি এ দাবি করেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ সভাপতি ইনু বলেন, “করোনার আপদকালীন ঝুঁকি মোকাবেলায় হাসপাতালের সরঞ্জাম কেনাকাটায় বাড়তি থোক বরাদ্দ ও বিশেষ আর্থিক ক্ষমতা প্রদান করতে হবে।

“যে হাসপাতালে যে ধরনের চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন তাই দিতে হবে, অপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়া বন্ধ করতে হবে। কেনাকাটার বরাদ্দ বছর শেষে মে-জুন মাসে দেওয়ার পুরনো আমলাতান্ত্রিক ধারা থেকে বের হয়ে আসতে হবে।”

এসময় তিনি নীতিমালা সংশোধন করে সরকারি-বেসরকারি নির্বিশেষে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আর্থিক সুবিধা নিশ্চিত করারও দাবি জানান।

চিকিৎসকদের আর্থিক প্রণোদনার পাশাপাশি ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়ার দাবি জানিয়ে শূন্য পদে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করারও আহ্বান জানান।

জাসদ সভাপতি ইনু বলেন, “করোনার তৃতীয় ঢেউ মোকাবেলার অগ্রিম প্রস্তুতি নিতে হবে। টিকা সংগ্রহে বিশেষ কূটনৈতিক উদ্যোগ এবং দেশে দ্রুত টিকা উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

জাসদের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের তৃতীয় দিনে বিএসএমএমইউ পরিদর্শনে ইনুর সঙ্গে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ তাদের স্বাগত জানান।

বিএসএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হুসাইন, প্রক্টর প্রফেসর মো. হাবিবুর রহমান, আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. আখতারুজ্জামান, বায়োকেমিস্ট্রি অনুষদের ডিন প্রফেসর ডা. সালেহ আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।