সরকার জনগণের অধিকার ‘খর্ব করছে’: ফখরুল
‘একদলীয় শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার জনগণের অধিকার ‘খর্ব করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার, তাকে ধ্বংস করে দিয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে দিয়ে একটা এক দলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা আজকে মানুষের ওপর অত্যাচার-জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘অত্যন্ত পরিকল্পিতভাবে’ স্বাধীনতার ইতিহাস ‘বিকৃত করছে’ বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর যেসব অনুষ্ঠান করছেন, তার একটি লক্ষ্য হল ‘প্রকৃত ইতিহাস’ জাতির সামনে তুলে ধরা।
“এটা কাউকে ছোট করার জন্য নয়, বরং যার যে সম্মান, সেই সম্মান তাদের দেওয়ার জন্য। সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধে সেদিন অবদান রেখেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এবং জীবন বাজি রেখে যুদ্ধে করেছিলেন, আজকে তারা সবাই উপেক্ষিত।”
সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য’ প্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন ফখরুল।
সেজন্য বিএনপি নেতা-কর্মীদের ঐকবদ্ধ হওয়ার আহ্ববান জানিয়ে তিনি বলেন, “নতুন প্রজন্মের সামনে আমাদের সত্য ইতিহাস তুলে ধরতে হবে।”
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির ‘জাতীয় কমিটির’ উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর পাকিস্তানে ছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়ে তার দেহাবশেষ ঢাকায় ফিরিয়ে এনে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। এই কাজটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফলভাবে করতে পেরেছিলেন বলে আজকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে দেশের মানুষ শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে গিয়ে সন্মান জানাতে পারে।”
কমিটির সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীরউত্তম, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বক্তব্য দেন।
