২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদীর সঙ্গে জাপা প্রতিনিধি দলের বৈঠক

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2021, 06:02 PM

Updated : 02 Aug 2022, 05:34 PM

জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুক্রবার দুপুর ১টা থেকে মোদীর সঙ্গে ২৫ মিনিট বৈঠক করে প্রতিনিধি দল।

বৈঠকে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, বিরোধী দলীয় উপনেতা দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ছিলেন প্রতিনিধি দলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও মুজিব শতবর্ষের অনুষ্ঠানে অংশ নেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি নেতারা।

এসময় জাতীয় পার্টি মুক্তিযুদ্ধে ভারতের অকৃত্রিম সহায়তা, মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন, করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশকে টিকা ও অ্যাম্বুলেন্স দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানি বন্টনে বাংলাদেশ যেন ন্যায্য হিস্যা পায় এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বিরোধীদলীয় নেতারা। এছাড়া অন-অ্যারাইভাল ভিসা ও স্কলারশিপ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

দুই দেশের কানেকটিভিটি বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ঐতিহাসিক আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের অকৃত্রিম বন্ধুত্ব অক্ষয় হয়ে থাকবে। ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে।