বিএনপির ২৬ মার্চের কর্মসূচিতে পরিবর্তন
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারের আরোপিত বিধিনিষেধের মুখে ২৬ মার্চের কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি।
বৃহস্পতিবার দলের দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং ইতিপূর্বে ঘোষিত কর্মসূচিতে সরকারের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুক্রবারে বিএনপির এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
বিএনপির পূর্ব ঘোষণায় সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং পরে শেরে বাংলা নগরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা পুস্পমাল্য অর্পন, বিকালে নয়া পল্টনে কার্যালয় থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর র্যালীর কর্মসূচি ছিল।
সারা দেশে জেলা-মহানগর-উপজেলা-পৌরসভাসহ সকল ইউনিটের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাস্থ্য বিধি মেনে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করতে সংবাদ বিজ্ঞপ্তিতে সকল জেলা নেতৃবৃন্দকে আহবান জানানো হয়।
