২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে বিএনপি নেতা খন্দকার আহাদের মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ; তার বয়স হয়েছিল ৫৬ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2021, 11:17 AM

Updated : 02 Aug 2022, 05:33 PM

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ১২টা ২০ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে খন্দকার আহাদের মৃত্যু হয়। তিনি স্ত্রী  ও দুই ছেলে রেখে গেছেন।

গত সপ্তাহে সংক্রমণ ধরা পড়লে আহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, দাফনের জন্য আহাদের মরদেহ রাতেই গাইবান্ধার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আহাদ আহমদ নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তার বাবা খন্দকার আজিজুর রহমান ছিলেন গাইবান্ধা সদর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান।

খন্দকার আহাদ আহমেদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি গবেষণাধর্মী সংস্থা ‘জি নাইন’-এরও সদস্য ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।