২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাস্কর্য: ‘দ্বন্দ্ব এড়িয়ে আলোচনার’ পরামর্শ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের

ভাস্কর্য নিয়ে ‘দ্বন্দ্বে না জড়িয়ে’ আলেম-ওলামাদের সাথে ‘আলোচনা করে সমস্যা সমাধান’সহ পাঁচটি প্রস্তাব দিয়েছে সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2020, 04:57 PM

Updated : 18 Aug 2022, 04:12 PM

বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক এপিএম সুহেল।

ছাত্র অধিকার পরিষদে মুহাম্মদ রাশেদ খাঁন ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে গত দুমাস ধরে সংগঠনের পুরনো নামে আলাদাভাবে কার্যক্রম চালাচ্ছে পরিষদের এ অংশটি।

তাদের পাঁচ প্রস্তাব হল- ১. কোনো প্রকার ‘দ্বন্দ্বে’ না জড়িয়ে দুপক্ষের আলোচনার মাধ্যমে ‘ভাস্কর্য বিতর্কের’ সুষ্ঠু সমাধান; ২. আলেম-ওলামাদের উদ্দেশ্য করে ‘আক্রমণাত্মক বক্তব্য’ না দেওয়া; ৩. উত্তেজনার বশে বা কারো উসকানিতে দেশের কোনো ভাস্কর্যের ক্ষতি না করা; ৪. দেশ ও জাতির ‘শান্তি বজায়’ রাখার নিমিত্তে সব ধরনের ‘ধর্মীয় উসকানিমূলক’ কর্মকাণ্ড পরিহার করা; ৫. ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়’ এমন কোন কর্মকাণ্ড না করা।

হেফাজতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দল সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতায় সরব হয়েছে। যে কেউ ভাস্কর্য বসালে তা ‘টেনে হিঁচড়ে ফেলে দেওয়ার’ হুমকিও দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।

তাদের এ ধরনের বক্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্যেই শুক্রবার গভীর রাতে কুষ্টিয়া শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যের ভাঙচুর চালানো হয়।

হাই কোর্ট ইতোমধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী এবং ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে ‘উসকানিদাতাদের’ বিরুদ্ধে সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েককটি মামলাও দায়ের করা হয়েছে।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে সুহেল বলেন, “সম্প্রতি দেশে একটি সংবেদনশীল ইস্যু ভাস্কর্য নিয়ে সরকার ও আলেম-ওলামাদের মধ্যে একটি স্নায়ুযুদ্ধ চলছে। ধর্মকে ব্যবহার করে নোংরা রাজনীতি করা হচ্ছে। দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।

“এই পরিস্থিতে ভাস্কর্য বিতর্কে সরকার ও আলেম-ওলামাদের মধ্যকার বিরাজমান অস্থিরতা নিরসনকল্পে কার্যকরী পদক্ষেপ নিতে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব জানাচ্ছি।”

সংগঠনটির সদস্য সচিব ইসমাইল সম্রাট বলেন, “এটা একটা জাতীয় ইস্যু। জাতীয়ভাবে বিষয়টির সমাধান হবে। এ দেশের বিভিন্ন সঙ্কট ও সমস্যায় ছাত্র সমাজ অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে ভাস্কর্য ইস্যু নিয়ে যে অস্থিরতা চলছে, তা নিরসনে ছাত্র সমাজেরও ভূমিকা থাকবে।”

আরও পড়ুন

মৌলবাদীদের ‘যে কোনো মূল্যে’ রুখে দেওয়ার আহ্বান ১৫ নাগরিকের  

নুরদের বাদ দিয়ে নতুন কমিটি, ছাত্র অধিকার পরিষদে ভাঙন