হেফাজত-খেলাফতের সঙ্গে আঁতাত বন্ধ করুন: সঙ্গীতা ইমাম
সাম্প্রতিক বছরগুলোতে হেফাজতে ইসলামকে তোষণের ‘সরকারি নীতির কারণেই’ এই মৌলবাদী গোষ্ঠী এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ‘দুঃসাহস’ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন একটি সমাবেশের বক্তারা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং ভাস্কর্য ভাঙার উসকানি দাতাদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সোমবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’।
সেখানে বক্তব্যে হেফাজত নেতাদের ‘প্রশ্রয় দেওয়ার’ সমালোচনা করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, “হেফাজত-খেলাফতের সঙ্গে আঁতাত বন্ধ করেন। তাদের সঙ্গে আপস করবেন না।”
একাত্তরের শব্দসৈনিক ও নব্বই দশকে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের মেয়ে সঙ্গীতা বলেন, “আমাদের যাদের ধমনীতে একাত্তরের রক্ত বইছে, তারা যত দিন আছি এ দেশে মৌলবাদীদের কোনো ঠাঁই হবে না।”
সমাবেশে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবনানন্দ জয়ন্ত বলেন, “হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তক থেকে সব প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়া হল। একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধী আল্লামা শফিকে গণভবনে ডেকে নিয়ে সম্মান জানানো হল। পরে কওমিকে সনদ দেওয়া হল।
“সরকারের এসব ভূমিকার কারণেই তো আজকে তারা এত আস্ফালন করার সুযোগ পায়।”
গণজাগরণ মঞ্চের আরেক সংগঠক আকরামুল হক বলেন, “বাবুনগরী নতুন যেসব শর্ত দিয়েছেন, তিনি বলেছেন, অবমাননাকর শব্দের অভিযোগে ব্যবস্থা নিতে। অবমাননাকর শব্দ কোনটা সেটা ঠিক করার তিনি কে?
“শফি, বাবুনগরীদের মতো চিহ্নিত যুদ্ধাপরাধী ও মৌলবাদীদের ধাপে ধাপে প্রশ্রয় দেওয়ায় আজকে তাদের এত আস্ফালন।”
সমাবেশে অন্যদের মধ্যে প্রকাশক রবিন আহসান, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খাঁন আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বক্তব্য দেন।
এদিকে শাহবাগেই আরেক কর্মসূচি থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের সভাপতি আ ক ম জামালউদ্দিন।
তিনি বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।”
“মামুনুল হক যে ধরনের শারীরিক ভাষায় কোরআনের কথা বলতে চান, যেভাবে চিৎকার করে, ধমকের সুরে কথা বলেন ওয়াজে; সেটা খুবই জঘন্য। আবারও বলছি, আপনারা উলঙ্গ আস্ফালন করবেন না।”
