বাসে আগুন বিএনপির ওপর দোষ চাপানোর পুরনো খেলা: ফখরুল
বিএনপিকে নিশ্চিহ্ন করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মদদে বাস পোড়ানোর পুরনো খেলার পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব বলেন, “আপনারা লক্ষ্য করেছেন,গত বৃহস্পতিবার ঢাকায় কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, কে বা কারা। সেটাকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সেই আগের খেলা, সেই ওল্ড গেইম। তারা তাদের এজেন্টদের দিয়ে এই সমস্ত নাশকতামূলক কাজ করবে আর সেটা বিএনপির ওপর দোষ চাপিয়ে দেবে।
“আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, কেউ যেন এই ধরনের ট্র্যাপের মধ্যে পা না দেয়, এই ফাঁদের মধ্যে কেউ যেন পা না দেয়। জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে, জনগণকে সঙ্গে আমাদেরকে এগুতে হবে। এভাবে নাশকতা যারা করছে তাদের সঙ্গে কোনো মতেই বিএনপির কোনো সম্পর্ক নেই এবং আমি আজকেও তীব্র ভাষায় এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যারা এ কাজের সাথে জড়িত তাদের খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।”
সাংবাদিকদের ‘দুরাবস্থার’ কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমরা জানি যে আমাদের সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অধিকাংশ সাংবাদিক ভাইদের কাজ নেই, তারা কোথাও চাকরি পাচ্ছেন না অথবা চাকরি থাকলেও তাদের সেখান থেকে চলে যেতে হচ্ছে, তাদেরকে ছাঁটাই করা হচ্ছে।
“আমরা জানি যে, তাদেরকে কি নিদারুণ কষ্টের মধ্যে তারা পরিবার পরিজন নিয়ে বাস করছেন। কিন্তু এটা শুধু আপনারা নন। আপনারা এতটুকু মনে রাখবেন সারা দেশের মানুষ আজকে এই কষ্টে পড়েছেন। যারাই স্বাধীনতায় বিশ্বাস করে, যারাই গণতন্ত্রের বিশ্বাস করে, যারাই আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রের বিশ্বাস করে তারাই আজকে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে এবং তাদেরকে কোনো কারণ ছাড়াই যখন তখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে।”
বিএনপি মহাসচিব বলেন, “যে আইনগুলো তৈরি হচ্ছে একটার পর একটা। কিন্তু আমরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছি না, সাংবাদিক ভাইয়েরাও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অন্যান্য আইনগুলো সাংবাদিকদের স্বাধীনভাবে মত প্রকাশের বিরুদ্ধে গেছে।
“কিন্তু আজকে দেখুন কী দুর্ভাগ্য যে, সেখানে আমরা সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছি না, সেখানে সরকারকে বাধ্য করতে পারছি না!”
দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, বিএফেউজের সভাপতি রুহুল আমিন গাজীসহ গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবিও জানান তিনি।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব এম আবদুল্লাহসহ বিভিন্ন জেলা ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের সাবেক নেতা এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, বর্তমান সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
