কাপাসিয়ার ধর্ষণ নিয়ে চুপ কেন: বিএনপিকে কাদের
আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা নিয়ে বিএনপি নেতারা সরব হলেও গাজীপুরের কাপাসিয়ার ঘটনা নিয়ে কথা বলছেন না।
শনিবার আওয়ামী লীগ গাজীপুর জেলা কমিটির বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।
সিলেটে ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এলেও কাপাসিয়ায় বিএনপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আসায় দলটির এই নীরবতা বলে দাবি করেন কাদের।
তিনি বলেন, “তারা কি বিএনপি এবং তাদের ছাত্র সংগঠনের ধর্ষণকারীদের রক্ষা করতে চান? তারা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের পতন চান এখন।”
শান্তিপূর্ণ আন্দোলনকে বিএনপি সহিংস করার অপচেষ্টা করছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি হুঁশিয়ার করে বলেন, “যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী, তাদের চিহ্নিত করার কাজ চলছে। আন্দোলনের নামে কোনো ধরনের অস্থিরতা ও সন্ত্রাস সৃষ্টির অপপ্রয়াস জনস্বার্থে সরকার কঠোর হস্তে দমন করবে।”
ধর্ষণবিরোধী আন্দোলন নিয়ে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ ঠেকাতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকতে বলেন কাদের।
তিনি বলেন, “শেখ হাসিনার সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে। ইতোমধ্যে আপনারা দেখেছেন, প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
“ইদানিং ধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর হলেও কোথাও কোথাও কিছু দৃষ্কৃতকারী অপকর্ম করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব আসছে।”
এ সময় দলীয় নেতাকর্মীদের অপরাধী-সন্ত্রাসী এবং মাদকসেবীদের দলের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার নির্দেশ দেন তিনি।
“খারাপ লোকদের দিয়ে দল ভারী করা যাবে না। খারাপ লোকেরা উন্নয়ন ও অর্জনকে ম্লান করে দেবে।”
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ
স্থানীয় সরকার নির্বাচনে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই নির্বাচনে যাচাই-বাছাই করে শক্তিশালী ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানোর পরামর্শও দিয়েছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “সামনে আসছে বিভিন্ন পর্যায়ে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন। এ সকল নির্বাচনে জয়ের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে।
“দলের প্রার্থীর জয়ের জন্য যথাযথ প্রার্থী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে সর্বসম্মত হতে হবে। শক্তিশালী এবং ক্লিন ইমেজের প্রার্থীর নাম প্রস্তাব করবেন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর বিজয়ে কাজ করবেন।”
দলকে শক্তিশালী করতে নিজেদের বিভেদ মিটিয়ে ফেলার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
“সংগঠনের মজবুত জনভিত্তি তৈরি করতে হলে থাকতে হবে ঐক্যবদ্ধ। ছোট-খাট বিষয়ে মতের অমিল থাকলে তা মিটিয়ে ফেলতে হবে।”
জেলা সম্মেলনের আগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার সম্মেলন অবশ্যই শেষ করতে হবে বলেও জানান তিনি।
