২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাজনীতিতে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা: নজরুল

আওয়ামী লীগ ‘অপরাজনীতি’ করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2020, 04:35 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

জিয়াউর রহমানকে নিয়ে ‘কুৎসা রটনার’ মঞ্চনাটক ইনডেমনিটি বন্ধের দাবিতে শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল সরকারের উদ্দেশে বলেন, “জনগণকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা বন্ধ করুন, মিথ্যা অভিযোগ দেওয়ার অপচেষ্টা বন্ধ করুন।

“রাজনীতির নামে এই ধরনের নোংরা বিষোদগার, নোংরা আচরণ মানুষকে রাজনীতি সম্পর্কে ভীতি সন্ত্রস্ত করে তালে। জনগণকে বিভ্রান্ত করতে সরকার এই অপচেষ্টা করছে।”

তিনি বলেন, “এই অপচেষ্টায় কোনো লাভ নাই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছেন। কোনো লাভ হয় নাই। জনগণ তাদের কথা বিশ্বাস করে নাই।”

ক্ষমতাসীদের প্রতি জনমর্থন নেই দাবি করে নজরুল ধর্ষণ, খুন, আর্থিক দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, “যে কাজ করছেন তাতে আপনাদের লজ্জিত হওয়া উচিত। আগে নিজের ঘর সামলান, জনগনের কাছে কাছে ক্ষমা প্রার্থনা করেন।

“কারণ আপনাদের ইতিহাস অসংখ্য কলঙ্কে জর্জরিত। আপনারাই দেশে জরুরি অবস্থা জারি করেছেন, আপনারাই গণতন্ত্র জবাই করেছেন, আপনাদের সময়ে দুর্ভিক্ষ হয়েছে, আপনারাই রক্ষীবাহিনী দিয়ে অত্যাচারে বহু লোককে হত্যা করেছেন, আপনাদের অনেক অপরাধ।”

মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এই সরকার নিজেই একটা নাটকবাজ সরকার। বটতলার নাট্যকারকে দিয়ে সরকার ইনডেমনিটি নাটক বানিয়েছে।

“ওরা জানে না, বাংলার মাটি চৈত্র্ মাসে কঠিন রুপ ধারণ করে। ওই মাটি যখন আপনাদের দিকে নিক্ষিপ্ত করবে জনগণ, তখন আপনারা আর কোনো জায়গায় আশ্রয় পাবেন না।”

ক্ষমতাসীনদের অপকর্ম ঢাকতেই ইনডেমনিটি নাটকটি তৈরি করা হয়েছে বলে দাবি করেন রিজভী।

যুবদলের এই প্রতিবাদী মানবন্ধনে সংগঠনের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় সংগঠনের নেতা মোরতাজুল করীম বাদরু, আবদুল খালেক,আলী আকবর চুন্নী, রফিকুল ইসলাম মজনু, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, শরীফ হোসেন বক্তব্য রাখেন।