২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন জিয়া হত্যার বিচার করেননি: ফখরুলকে কাদের

বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এলেও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ কেন নেয়নি সেই প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 08:41 PM

Updated : 10 Oct 2022, 07:22 PM

১৫ অগাস্টের হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা বলে জিয়াউর রহমানকে ‘ছোট করার’ চেষ্টা হচেছ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এই প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার বনানী কবরস্থানে ২১ অগাস্ট হামলায় নিহত আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আজকে ফখরুল সাহেব বলছেন তাদের নেতাকে নাকি ছোট করা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা একাধিকবার ক্ষমতায় থেকেও কি জিয়া হত‌্যার বিচার করেছেন? বিচার তো করেননি এমনকি বিচার একবারও দাবি করেননি। চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত জিয়াউর রহমানকে নিয়ে ১৫ অগাস্টের আগে পরে এবং ওই সময়ে তাকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন ছিল। তারপরও কিন্তু আমাদের নেত্রী, আমাদের পার্টি সেদিন জিয়াউর রহমানের হত‌্যার নিন্দা করেছিলাম। কারণ আমরা জিয়াউর রহমানের এভাবে চলে যাওয়া সমর্থন করিনি।

“ফখরুলকে জিজ্ঞাসা করতে চাই, জিয়াউর রহমানের লাশ চট্টগ্রামের সার্কিট হাউজ, রাঙ্গুনিয়ার পাহাড় হয়ে ঢাকায় এলো। জানাজা হলো। চন্দ্রিমা উদ‌্যানে সমাহিত করা হল। এই সময়ের একটা ছবি জিয়াউর রহমানের নিহত হওয়ার পর আপনি কি দেখাতে পারবেন? এই প্রশ্নটির জবাব চাই।”  

১৯৭৫ সালের ১৫ অগাস্ট এবং ২০০৪ সালের ২১ অগাস্ট- এ দুই হত‌্যাকাণ্ড একই সূত্রে গাঁথা এবং একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “১৫ অগাস্ট প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু, ২১ অগাস্ট ছিলেন শেখ হাসিনা। আজকে একটা বিষয় বলতে চাই, ১৯৭৫ সালে জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় না দিত, বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত না করত এবং মোস্তাকের ইনডেমনিটিকে সংবিধানের পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করে খুনিদের বিচারের পথ রুদ্ধ না করতেন, খন্দকার মোস্তাকের যদি বেনিফিসিয়ারি হয়ে প্রধান সেনাপতি না হতেন তাহলে হয়ত ইতিহাসকে ভিন্নভাবে দেখা যেতে পারত। এখানে খুন যে করে, খুনিদের যারা প্রশ্রয় দেয়, পুরস্কৃত করে, বিচারের পথ যারা রুদ্ধ করে তারা একই অপরাধী।”

ওবায়দুল কাদের বলেন, “অনেকে রাজনৈতিক সম্পর্কের কথা বলেন। দলে দলে সম্পর্ক… এই ব‌্যাপারে শেখ হাসিনাই হল সর্বশ্রেষ্ঠ উদাহরণ। কারণ তার গোটা পরিবারকে যারা হত‌্যা করেছিল, কেউ মঞ্চে কেউ নেপথ‌্যে; আজকে এই ঘটনা থেকে কী হল? বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক সম্পর্কে যে অলংঘনীয় দেয়াল সৃষ্টি করা হল, ২১ অগাস্ট বঙ্গবন্ধুকন‌্যাকে টার্গেট করে সেই অলংঘনীয় দেয়াল আরও উঁচুতে তুলল। সম্পর্ক কারা নষ্ট করল?

“তারপরেও শেখ হাসিনা ‘ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং’ গড়ে তুলতে চেয়েছিলেন। বেগম জিয়াকে ২০১৪ সালে আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে। সেদিন অশ্রাব‌্য ভাষায় কী ব‌্যবহার করা হয়েছিল, সবার মনে আছে।”

একুশে অগাস্ট গ্রেনেড হামলার জন্য চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে দায়ী করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “ওই হত‌্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে জজ মিয়ার নাটক সাজিয়েছে, আলামত নষ্ট করেছে, এফবিআইকে তদন্ত করতে দেয়নি। কারণ এই হত‌্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল হাওয়া ভবন। হরকাতুল জিহাদের মুফতি হান্নান বলেছিল, বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে যা কিছু ঘটেছিল তা হাওয়া ভবন থেকে পরিচালনা করেছে তারেক রহমান। ইতিহাসের এই সত‌্যকে অস্বীকার করবেন কীভাবে?”