অন্ধের হাতি দেখার মতো দুর্যোগ দেখছেন ফখরুল: কাদের
দেশে এখন করোনাভাইরাসের সঙ্গে ‘রাজনৈতিক দুর্যোগ’ চলছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্ধের হাতি দেখার মতো তার এই পর্যবেক্ষণ।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।
বক্তব্যে পঁচাত্তরের খুনিদের উত্তরসূরিদের নিয়ে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, তারা এখনও দেশে-বিদেশে ‘ষড়যন্ত্রের জাল’ বিস্তার করে রেখেছে। সুযোগ পেলেই ছোবল দেওয়ার অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান রাখার পাশাপাশি পাপিয়ার মতো কেউ যেন আবার সংগঠনে ঢুকে না পড়ে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।
বুধবার এক দলীয় আলোচনা সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দেশে এখন স্বাস্থ্যখাতের করোনাভাইরাস এবং রাজনৈতিক দুর্যোগ-এই দুই দুর্যোগ চলছে বলে মন্তব্য করেন তিনি।
তার ওই বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “দেশে স্বাস্থ্যখাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগই দেখতে পাচ্ছেন। আসলে দুর্যোগ তাদের মানসিকতায়। বিএনপির রাজনীতিতেই পারস্পরিক অবিশ্বাস আর হতাশার দুর্যোগ চলছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আছে গভীর হতাশায়।
“দেশের মানুষের সাথে যাদের সম্পর্ক নেই, সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন স্বেচ্ছা গৃহবন্দি। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের একমাত্র কাজ। তারা দিনের আলোতেও আঁধার দেখে, পূর্ণিমায় দেখে অমাবশ্যার অমানিশা। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে।”
করোনাভাইরাস দ্রুত চলে যাবে- এমন আত্মতুষ্টিতে না ভুগে এই ভাইরাসকে সাথে নিয়ে চলতে মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই ১৫ অগাস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আদালতের রায়ে ফাঁসিতে ঝুলেছে আত্মস্বীকৃত খুনিরা। এখনও যারা লুকিয়ে আছেন বিভিন্ন দেশে, তাদেরও ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে, ইনশাল্লাহ।”
তিনি বলেন, “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তারা ভেবেছিল, এদেশ থেকে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ চিরতরে হারিয়ে যাবে। কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণিত করে মুজিব নামের সম্মোহন আরও গভীরতা লাভ করে মানুষের হৃদয়ে। যারা দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চেয়েছিল, দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল সে অশুভ চক্র অব্যাহত রাখে তাদের ষড়যন্ত্র। আবারও বেছে নেয় সেই অগাস্ট মাস। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সন্ত্রাসবিরোধী সমাবেশে সেদিন টার্গেট ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৭৫ এর সেই বুলেট ২০০৪ সনে ফিরে আসে প্রাণঘাতী গ্রেনেড হয়ে।”
২১ অগাস্ট হত্যাকাণ্ডকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে সে সময় জজমিয়া নাটক একং আলামত নষ্ট করার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে। দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীও তলে তলে সুযোগ খুঁজছে। তাই আমি যুব মহিলা লীগসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এ অপশক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
“মীরজাফরের বিনাশ হলেও তার রক্ত ও আদর্শের উত্তরাধিকার এখনও বাংলার জমিনে আছে। তারা সুযোগ পেলেই ছোবল মারবে।”
দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “প্রশ্রয় দেওয়া যাবে না কোনো ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ড। পাপিয়ার মতো কোনো অপকর্মকারীর অনুপ্রবেশ যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। একজনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্লান হতে পারে।”
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল সভায় বক্তব্য রাখেন।
