২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম সোমবার থেকে 

ঢাকার দুইটিসহ পাঁচ শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় আবেদন ফরম বিক্রি শুরু হবে সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2020, 10:34 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮ এর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সোমবার থেকে ২৩ অগাস্ট পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন।

প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের যথাযথভাবে স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে ও কোনো লোকসমাগম না করে (এক-দু’জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

সংসদ সদস্য ইসরাফিল আলম, মোহাম্মদ নাসিম, শামসুর রহমান শরিফ ডিলু, হাবিবুর রহমান ও সাহারা খাতুনের মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।