২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসার প্রকল্প শেষে ঢাকায় জলাবদ্ধতা হবে না: তথ্যমন্ত্রী

জলাবদ্ধতা নিরসনে ওয়াসার প্রকল্পের কাজ শেষ হলে সমস্যা থাকবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 08:04 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

মঙ্গলবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

টানা বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতাই সরকারের উন্নয়নের নমুনা- বিএপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, “বেশি বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা আগের চেয়ে কমে এসেছে এবং এর পূর্ণ নিরসনে ওয়াসা গত বছর থেকে ১০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে, যার সমাপ্তিতে এই সমস্যা থাকবে না।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “বন্যা-দুর্যোগ মোকাবিলায় নিজেরা কি করেছেন, সেই চেহারাটা ভালোভাবে আয়নায় দেখুন। শুধু সিদ্ধান্তের অভাবে তাদের আমলে ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ে লাখ লাখ প্রাণ ও বিপুল সম্পদহানিসহ বিমান বাহিনীর এক ডজনেরও বেশি বিমান চট্টগ্রাম বিমানবন্দর থেকে না সরানোর কারণে ধ্বংস হয়েছে।

“১৯৯১ এর ঘূর্ণিঝড়ে প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষের মৃত্যুর পরও সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া নির্লজ্জের মতো বলেছিলেন- ‘যত মানুষ মারা যাওয়ার কথা, তত মারা যায়নি’। পরিবার ও নেত্রী গুরুজনদের শ্রদ্ধা করতে শিখিয়েছেন, সে কারণে লজ্জায় বলতে না চাইলেও এটা সত্যি যে, লাশের গন্ধ বাতাসে ভাসা সেই সময়ে একজন বিদেশি অতিথির আগমনে একদিনে বেগম জিয়ার সাতবার শাড়ি বদলের ঘটনা জনগণ ভোলেনি।”

হাছান মাহমুদ বলেন, “আটানব্বইয়ের বন্যায় দেশের প্রায় শতকরা পঁচাত্তর ভাগ এলাকা প্লাবিত হয়েছিল, বিবিসি ও অন্যান্য দেশি-বিদেশি গণমাধ্যম লাখ লাখ মানুষের অনাহারে মৃত্যুর আশংকা প্রকাশ করেছিল। জননেত্রী শেখ হাসিনা তখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছিলেন। সব শংকা-আশংকা ভুল প্রমাণ করে তিনি অত্যন্ত সফলভাবে সেই বন্যা মোকাবিলা করেছেন এবং অনাহারে কেউ মারা যায়নি।