সরকারের আগাম প্রস্তুতি না থাকায় বন্যায় ক্ষয়ক্ষতি: সিপিবি
বন্যা মোকাবেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে উল্লেখ করে এজন্য সরকারের আগাম প্রস্তুতি না থাকাকে দায়ী করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতারা।
শনিবার সকালে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ‘কোভিড-১৯ রেসপন্স টিমে’র ভার্চুয়াল সভায় নেতারা এ অভিযোগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “করোনা মহামারীর মধ্যেই এবার বন্যা দেখা দিয়েছে। তাই এবারের বন্যার ভিন্নতা রয়েছে। করোনার মধ্যে বন্যা দেখা দেওয়ায় মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেছে। বন্যা মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে।”
প্রায় প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের বিস্তৃত অঞ্চল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, এরই মধ্যে ১৭টি জেলা বন্যায় প্লাবিত এবং ১৪ লাখ ৫৭ হাজার ৮২৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, নতুন করে ২৩ জেলায় বন্যা বিস্তৃতি লাভ করবে এবং তা অগাস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে।
কেন্দ্র আভাস দিয়েছে, টানা বর্ষণ ও উজানে ঢলে পানি বাড়তে থাকায় জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা জেলার আশপাশের নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এমন পরিস্থিতিতে সরকার বন্যা উপদ্রুত এলাকায় যে ত্রাণ দিচ্ছে, তা প্রয়োজনের তুলনায় ‘অপ্রতুল’ বলে অভিযোগ করেছেন সিপিবি নেতারা।
বন্যা মোকাবেলায় বেসরকারি-সামাজিক উদ্যোগের ‘ঘাটতি’ রয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বন্যার্ত মানুষ সরকারি উদ্যোগের দিকে তাকিয়ে আছেন। কিন্তু সরকারি উদ্যোগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল।”
কোভিড-১৯ পরিস্থিতিতে বন্যার দুর্ভোগ কম গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন সিবিপি নেতারা।
শনিবারের সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মাহবুবুল আলম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুর রহমান।
পুরনো খবর
