সরকারের কারণেই সাহেদ-সাবরিনাদের উত্থান: রিজভী
মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতিতে জড়িতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা শারমিন হুসাইনের উত্থান সরকারের নীতির কারণেই হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “মানুষ মরে মরুক, আমি তো ঠিক আছি, জনগণ চুলায় যাক, আমি তো ঠিক আছি- এটা হচ্ছে এই সরকারের নীতি। এই নীতির কারণেই আজকে সাহেদের উত্থান হয়েছে, সাবরিনাদের উত্থান হয়েছে।
“একজন পাপুল ধরা পড়ল। এরকম গত ১২ বছরে কত পাপুল তৈরি হয়েছে এটা আমরা বলতে পারব না। এই দূরাচার দুর্বৃত্তমূলক শাসন ব্যবস্থায় পাপুলরাই প্রতিষ্ঠিত হবে, তারাই এমপি হবে, তাদের পক্ষেই রাষ্ট্র থাকবে। এই নীতিতে আজকে রাষ্ট্র চলে বলেই মানুষের জীবনের নিরাপত্তা নেই। এক ভয়ংকর মরণঘাতী বেষ্টনির মধ্যে দেশের মানুষ বন্দি হয়ে আছে।”
দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “আজকে হাসপাতালে আইসিইউ নেই, বেড নেই, ভেন্টিলেটর নেই, হাসপাতালে মাস্ক নেই। আর নকল মাস্ক নিয়ে এসেছে তার সাথে কে জড়িত? মন্ত্রীর ছেলে। ভেন্টিলেটর এখন এই মুহূর্তে জীবন বাঁচানোর একটি অন্যতম সরঞ্জাম। সেটি আমদানি করতে একে তো আওয়ামী সিন্ডিকেট তার উপরে মন্ত্রীর আত্মীয়-স্বজনেরা। তাহলে কি করে মানুষ বাঁচবে? মানুষ বাঁচানোর কোনো জায়গা তারা রাখবে না।
“আক্রান্ত রোগী রাস্তায় মরছে, অ্যাম্বুলেন্সের মধ্যে মরছে। সরকারি হাসপাতাল সেগুলো নরকে পরিণত হয়েছে। প্রাইভেট হাসপাতালের একজন রোগী আমাকে কাঁদতে কাঁদতে বলেছেন, ভাই আমার নয় লাখ টাকা বিল হয়েছে। আমি বাঁচার জন্য এসেছিলাম আমিসহ পরিবারের দুই-একজন, নয় লাখ টাকা বিল হয়েছে। এই হচ্ছে সরকার।”
তিনি বলেন, “প্রতিবাদ বন্ধ করার জন্য বিএনপির তরুণদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করা হয়, স্বীকার করা হয় না। সবাই দেখেছে যে, টিটো হায়দারকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে লোকজন। পলিরা আজকে রাতের অন্ধকারে গ্রেপ্তার হয়ে যায়। এরকম অসংখ্য ঘটনা।
“আমরা অসহায় মানুষের কাছে ত্রাণ নিয়ে যাচ্ছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমরা পিপিই দিচ্ছি- এটা সহ্য হচ্ছে না। এটা সহ্য না হওয়ার কারণে এখন শুরু হয়েছে মিথ্যা মামলা। গুমের মাধ্যমে ধারাবাহিক বিএনপি নিধনে যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা অব্যাহত রেখেছে। কোনোভাবে তারা সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা সহ্য করবে না।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনাভাইরাসের পরীক্ষার জাল সনদ বিক্রি, অর্থ ও মানব পাচার এবং দুর্নীতির প্রতিবাদে এই মানবন্ধন হয়।
এতে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন দক্ষিণের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলের নেতারা।
