ঢাকায় কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন
ঢাকার গুলিস্তান-পল্টন এলাকার ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এনামুল হকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে মানববন্ধন করেছেন একদল হকার ও পরিবহন শ্রমিক।
তবে অভিযোগ অস্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল বলেছেন, চাঁদা আদায়ে বাধা দেওয়ার কারণেই একটি পক্ষ তার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে।
এনামুল হক পল্টন থানা আওয়ামী লীগেরও সভাপতি, তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও সামিউল আবেদ সুমনের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।
বুধবার বিকালে গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে চাঁদাবাজির অভিযোগ তুলে এনামুলের বিচার দাবি করে মানববন্ধন করেন হকাররা।
’১৩ ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক, ১৩ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সামিউল আবেদ সুমনের নেতৃত্বে পরিবহন কাউন্টারে হামলা, ক্যাশ লুট ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির বিচার চাই’ লেখা ব্যানার নিয়ে মানববন্ধন করেন তারা। শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এই মানববন্ধনে অংশ নেন।
এ সময় উৎসব পরিবহনের কাউন্টারের পরিচালক মো. রফিক বলেন, “এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা ফুটপাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই তার লোকজন আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিল।
“চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে গত সোমবার উৎসব পরিবহন কাউন্টারে হামলা করে বন্ধ করে দেয় এনামুল হক আবুলের ডান হাত হিসেবে পরিচিত ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সামিউল আবেদ সুমন গংরা।”
ফুটপাত ব্যবসায়ী মনির হোসেন, কলু, শরীফ, বুলেট, ইমরান, আলমগীরসহ অনেকে মানববন্ধনে বক্তব্য রাখেন।
তাদের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুবলীগের পল্টন থানা সভাপতি দুলালসহ অনেকেই ১০-১২ বছর ধরে এই সব এলাকা থেকে নিয়মিত চাঁদা উঠায়। আমি কাউন্সিলর হওয়ার পর থেকে চাঁদা উঠানো বন্ধ করার উদ্যোগ নিতেই তারা আমার বিরুদ্ধে লেগেছে।
“চাঁদাবাজদের শিকড় অনেক গভীরে, এদের গডফাদাররা তো পর্দার অন্তরালে। তারা চক্রান্ত করে আমার বিরুদ্ধে কিছু লোক জড়ো করে মানববন্ধন করিয়েছে।”
