২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি এমপি হারুনের

কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ‘পরিপূর্ণভাবে ব্যর্থ’ হয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 06:00 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।

চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য হারুন বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে ফোন করে মেসেজ দিয়ে সাড়া পাওয়া যায় না। ওই অফিসের পিএস, পিএ, পরিচালক কেউই ফোন ধরেন না।

“চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর একটি বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এইগুলো পরিবর্তন করেন। স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেন। তাদের সরিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য উপযুক্ত ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিদেরকে সেখানে বসাতে হবে।”

দেশে করোনাভাইরাস চিকিৎসায় অব্যবস্থাপনার অভিযোগ এনে হারুন বলেন, “বিএমএ আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠান। তারা বলছেন করোনা চিকিৎসায় মৃত্যুর দায় মন্ত্রণালয় এবং অধিদপ্তরের। এটা বাস্তব কথা। করোনার এই দুঃসময়ে কিট বা করোনার সামগ্রী, কোভিড হাসপাতালে চিকিৎসকদের কী দুরবস্থা! রোগীরা কী অবস্থায় আছেন, কোনো খরব নেই।”

হারুন বলেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা দেশের জন্য ‘বিরাট চ্যালেঞ্জ’ হবে। জাতীয় যে সঙ্কট তৈরি হয়েছে তা থেকে উত্তরনের জন্য ‘জাতীয় ঐক্য’ দরকার।

“আর ঐকমত্যের প্রশ্নে যে ক্ষতগুলি সৃষ্টি হয়েছে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা হয়েছে তা প্রত্যাহার করে নিতে হবে।”

সংসদে তারেক জিয়ার প্রসঙ্গ ওঠায় সরকারি দলের সংসদ সদস্যরা প্রায় সবাই তার প্রতিবাদ করেন। এ সময় সংসদে হইচই শুরু হয়।

পরে স্পিকারের চেয়ারে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ওই বক্তব্য ‘অসংসদীয় কথা’ হিসেবে বিবেচনা করে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেন।

বক্তব্য এক্সপাঞ্জ হওয়ায় এবং বক্তব্য দিতে আরও সময় চেয়ে না পাওয়ায় বৈঠকে সভাপতির দায়িত্বপালনকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার বিরুদ্ধে ‘বক্তব্যে হস্তক্ষেপের’ অভিযোগ তুলে ‘ওয়াক আউট’ করেন বিএনপির সংসদ সদস্য হারুন।

তার আগে বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “উন্নয়নের রাজনীতির চিন্তাভাবনা বাদ দিতে হবে। দেশ বাচাঁও, মানুষ বাঁচাও-এর রাজনীতি করতে হবে। উন্নয়নের ব্যয় কমাতে হবে। প্রয়োজনে মন্ত্রী পরিষদের আকার ছোট করতে হবে। এর মাধ্যমে ব্যয় কমিয়ে মানুষকে বাঁচানোর পদক্ষেপ নিয়ে সুনির্দিষ্টভাবে অগ্রসর হতে হবে।”

তিনি বলেন, “সমাজে ঘুণ ধরে গেছে। চাদাঁবাজ, দুষ্কৃতকারী, মাদক পাচারকারী, অর্থ আত্মসাৎকারী, মানুষের হক নষ্টকারী ও সরকারি সম্পদ আত্মসাৎকারীরা এখন সমাজের ভদ্রলোক এবং ক্ষমতায় আছে- এটা অত্যন্ত দুঃখজনক।

আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির দিকে ইংগিত করে হারুন বলেন, “লজ্জা লাগে যখন আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের কথা বলি। কিন্তু মাদকবাচারকারীদের শ্রেষ্ঠ ব্যক্তি এই সংসদে আসেন। তার স্ত্রী কী করে এই সংসদে আসলেন। এই বিষয়গুলি তদন্তের দাবি রাখে। প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারের আশ্রয়-প্রশয় না থাকলে তারা এই সংসদে আসতে পারত না।”

পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের সমালোচনা করে বিএনপির এই এমপি বলেন, “আইজিপি বেনজীর সাহেব নতুন নতুন ওসিয়ত দিচ্ছেন। উনার কাছে প্রশ্ন রাখতে চাই- আপনি বাংলাদেশের আমানত নষ্ট করেছেন। মানুষের হক নষ্ট করেছেন। প্রশ্নবিদ্ধ নির্বাচনের আয়োজন করেছেন। তার জবাবদিহিতা আপনাকে করতে হবে না?

“গত নির্বাচনের সময় পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। পুলিশের ঊদ্ধর্তন ব্যক্তিরা দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন। এই পুলিশ দিয়ে সৎ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। পুলিশের বিষয়ে দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা আওয়ামী লীগের গোলাম ও দাসে পরিণত হয়েছেন। আর সত্য বলতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হৈ চৈ করবেন।”

হারুন বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে। সেসব বাস্তবায়নে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

“এজন্য সুশাসন ও সমন্বয় খুবই দরকার। অপরদিকে সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে তা পর্যাপ্ত কী না এবং তা বাস্তবায়নের সক্ষমতা আছে কী না? সে প্রশ্নও আছে। করোনাভাইরাসে সারা পৃথিবী বিপর্যন্ত, এতে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় সরকারকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, “বাজেটে রাজস্ব প্রাপ্তির যে কথা বলা হয়েছে, তা হাস্যকর এবং অকল্পনীয়। কর খাতে চলতি অর্থ বছরের তুলনায় যেটা বাড়িয়ে দেখানো হয়েছে তা কোনভাবেই আদায় করা সম্ভব হবে না। করোনাকালে যে ধরনের বাজেট প্রণয়ন করার দরকার ছিল, তা করতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। অর্থমন্ত্রীকে অনুরোধ করব, বাজেটটিকে সংশোধিত আকারে পাশ করবেন।”

হারুন ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়ে বক্তব্য শুরু করলে সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এর কারণ জানতে চান।

তিনি বলেন, “এটা দিয়ে বক্তব্য শুরুর রেওয়াজ আমি আমার সাত টার্মে কোনো এমপির মধ্যে দেখিনি।”

হারুন পরে এর ব্যাখ্যা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর তা দেননি।