২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে বিক্ষোভের ডাক বাম জোটের

করোনাভাইরাস মহামারীকালে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ও অনিয়মের বিচারের দাবিতে আগামী রোববার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 10:14 PM

Updated : 18 Aug 2022, 03:13 PM

বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক অনলাইন সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা আসে।

বাম জোটের সংবাদ সম্মেলন থেকে ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এ দাবিগুলোর মধ্যে রয়েছে- বাজেটে কমপক্ষে ২০ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করা, সময়মতো অর্থছাড় ও বাস্তবায়ন; প্রতিটি জেলা-উপজেলায় ল্যাব স্থাপন করে সারা দেশে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার নমুনা পরীক্ষার ব্যবস্থা; স্বাস্থ্য সামগ্রী ও সুরক্ষা উপকরণ কেনা ও সরবরাহের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান; কোনো বেসরকারি হাসপাতাল রোগী ফিরিয়ে দিলে তাদের শাস্তির বিধান; সব বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে করোনাভাইরাসের রোগীদের চিকিৎসায় ব্যবহার করা ; করোনাভাইরাস মহামারীকালে দায়িত্ব পালনকারীদের ঝুঁকিভাতা, বীমা ও সরকারি প্রণোদনার ব্যবস্থা; মহামারীকালে কর্মহীন-রোজগারহীনদের খাদ্য ও নগদ অর্থসহায়তা প্রদান।

বাম গণতান্ত্রিক জোট জানিয়েছে, আগামী রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ওই দিন ঢাকায় সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে এবং জেলায় জেলায় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন দুলাল, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।