মানুষের বোধোদয় হচ্ছে না কেন: কাদের
করোনাভাইরাসের সংক্রমন প্রতিদিন বাড়তে থাকলেও পথে-ঘাটে মানুষের ভিড় দেখে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “এত সংক্রমন-মৃত্যু, এরপরও কি আমাদের বোধোদয় হবে না? উচ্চ আদালতে ভিড় এড়াতে নির্দেশনা দেওয়া হচ্ছে। তবুও আমাদের বোধ কাজ করছে না।”
সোমবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন কাদের।
দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটি শেষে সীমিত পরিসরে অফিস খুললেও ছোঁয়াচে এই রোগের সংক্রমণ এড়াতে মানুষকে অপ্রয়োজনে বাইরে বের হতে মানা করা হয়েছে, বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে। কিন্তু পথেঘাটে তা মানতে দেখা যাচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, “করোনার সংক্রমন ও বিস্তার দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বিভিন্ন নেতা, ব্যবসায়ী ও অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন। অর্ধ সহস্রাধিক প্রবাসী প্রাণ হারিয়েছেন। ফ্রন্ট লাইনারদের মধ্যে ৩৬ জন চিকিৎসক, ১৪ জন পুলিশ সদস্য, ৭ জন সাংবাদিক, ৪ জন নার্স, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট এবং সহস্রাধিক সাধারণ মানুষকে আমরা হারিয়েছি।
“আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলের মধ্যে নতুন সংক্রমন ও রোগী বৃদ্ধির দিক থেকে আমরা এখন ১০ম স্থানে। আর আক্রান্তের মোট সংখ্যার হিসেবে বাংলাদেশের অবস্থান অষ্টাদশ। মৃত্যুর সংখ্যায় ৩১তম।”
কোভিড-১৯ মোকাবেলায় নানা সীমাবদ্ধতার দিকটি তুলে ধরে তিনি বলেন, “পৃথিবীর প্রায় সকল দেশই বিদ্যমান সুবিধা দিয়ে এ মহামারী মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। আমেরিকার মতো দেশে নৌবাহিনীর জাহাজকে হাসপাতাল বানাতে হয়েছে। ভারতে ট্রেনের বগিকে করতে হয়েছে হাসপাতাল।
“আমি বলতে চাই, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরালো করা ছাড়া আমাদের বিকল্প নেই। হাসপাতালের শয্যা সংখ্যাতেও সীমাবদ্ধতা আছে। তবু সরকার চেষ্টা করছে।
“কিন্তু আমরা যদি বিপদের গভীরতা ও মাত্রা বুঝে সচেতন না হই, তাহলে তা জেনেশুনে আগুনে ঝাঁপ দেওয়া। ক্ষণিকের উদাসীনতা স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা জীবনের চিরচেনা পথ থেকে আমাদের বিচ্যুত করে দিতে পারে।”
সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “এরই মধ্যে আমাদের মাঝে কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে চলাফেরা করছে। করোনার লক্ষণ স্পষ্ট হলেও তারা দিব্যি ঘুরে বেড়ায়, পরীক্ষা করায় না। এতে যা ক্ষতি করার তা করে ফেলছেন। ছড়িয়ে পড়ছে সংক্রমন। একজন থেকে শতজন হচ্ছে আক্রান্ত।”
কারও মধ্যে লক্ষণ দেখা গেলে পরীক্ষা করিয়ে আইসোলেশনে থাকার পরামর্শ দেন তিনি।
সরকারকে সহযোগিতা করতে জনগণকে আহ্বান জানিয়ে কাদের বলেন, আমাদের ব্যক্তিজীবন পারিবারিক জীবন ও সামাজিক জীবনে যেমনি সীমাবদ্ধতা থাকে, তেমনি রাষ্ট্রীয় ক্ষেত্রেও থাকে নানান সীমাবদ্ধতা। আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে সহযোগিতা করি।
“আমরা সাহসী ও বীরের জাতি। প্রবল মনের শক্তি, দায়িত্ববোধ ও স্বাস্থ্যবিধি মেনে আল্লাহর উপর ভরসা রেখে নিজ নিজ ঘরকে সচেতনতার দুর্গ হিসেবে গড়ে তুলি। আস্থা রাখি আমাদের বাতিঘর সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার ওপর।”
