২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: অঞ্চল ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট নীতির দাবি জাসদের

করোনাভাইরাস সংক্রমণের হার, ঝুঁকি ও আক্রান্ত রোগীর সংখ্যা অনুযায়ী সারা দেশকে লাল, হলুদ, সবুজ-তিনটি অঞ্চলে ভাগ করার আগে সুনির্দিষ্ট নীতি প্রণয়ণের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2020, 05:31 PM

Updated : 18 Aug 2022, 03:07 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এই দাবি জানানা।

বিবৃতিতে বলা হয়, “জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে ঢালাওভাবে লকডাউন তুলে দেয়ার আগেই সরকারের উচিত ছিল করোনা সংক্রমণের হার, ঝুঁকি ও আক্রান্ত রোগীর সংখ্যা অনুযায়ী সারা দেশকে লাল, হলুদ, সবুজ-তিনটি অঞ্চলে ভাগ করে অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনা চালু করা।”

সরকার লাল, হলুদ, সবুজ অঞ্চলের কথা বিবেচনায় নিতে অনেক দেরি করে ফেলেছে এবং এখনও লাল-হলুদ-সবুজ অঞ্চলের ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনা ঘোষণা এবং পদক্ষেপ ‘গ্রহণ করতে পারেনি’ বলেও বিবৃতিতে অভিযোগ আনে তারা।

এতে দেশের সংক্রমনের ‘ঝুঁকি বাড়ছে’ উল্লেখ করে তারা বলেন, “দেশের যে ৮৫% ভাগ জনপদ ১ মাস আগেও করোনা সংক্রমণমুক্ত নিরাপদ সবুজ অঞ্চল ছিল সেই সকল অসংক্রমিত নিরাপদ সবুজ অঞ্চলেও সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ”

জাসদ নেতারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ভাইরাসবিজ্ঞান বিশেষজ্ঞ, সংক্রামক রোগ বিশেষজ্ঞদের প্রদত্ত সুপারিশ এবং মাঠ পর্যায়ের জনপ্রশাসন ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের অনুশীলিত পদক্ষেপের ভিত্তিতে অবিলম্বে লাল-হলুদ-সবুজ অঞ্চলের ব্যবস্থাপনার সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনা ঘোষণা এবং পদক্ষেপ গ্রহণের দাবি জানান।