সঙ্কটে সরকারের পাশে দাঁড়ালেন সংসদে বিরোধী নেত্রী
করোনাভাইরাস মোকাবেলা নিয়ে বিএনপি যখন ক্ষমতাসীনদের সমালোচনায় মুখর, তখন সরকারের পাশে দাঁড়ালেন জাতীয় সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
মহামারীর এই সময়ে এতদিন আড়ালে থাকা রওশন বুধবার এক বিবৃতিতে বলেছেন, “দুর্যোগে কোনো রাজনীতি নয়, চাই জাতীয় উদ্যোগ।
“এ দুর্যোগ মোকাবেলায় সরকারের আন্তরিকতার কোনো অভাব পরিলক্ষিত হয়নি। সবার অভিন্ন শত্রু করোনা আর এই শত্রুকে পরাজিত করতে রাজনৈতিক দলগুলোকে উদারতার ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
নতুন করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার পর এই বিবৃতি এল জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের।
লকডাউন দিয়ে অন্যদিকে দোকানপাট খুলে দেওয়ায় পরিস্থিতি যাতে নাজুক না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সরকারকে আহ্বান জানান তিনি।
রওশন দাবি করেন, করেন, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি জনগণের ‘স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ’ ছিল।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ধান কাটায় কৃষককে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানান বিরোধী নেত্রী।
অর্থ বাণিজ্যের সাময়িকী ইকোনমিস্ট সম্প্রতি অর্থনৈতিক ভিত্তি এবং আর্থিক ব্যবস্থাপনার বিচারে উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে করোনাভাইরাস সঙ্কটে সবচেয়ে কম ঝুঁকিতে থাকা ১০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নাম।
ইকোনমিস্টের এ প্রতিবেদনের সূত্র ধরে রওশন এরশাদ বলেন, “অর্থনীতির নিরাপত্তা নিয়ে গবেষণার তালিকায় দেখা যায় চীন-ভারত থেকে নিরাপদ বাংলাদেশের অর্থনীতি। নিঃসন্দেহে বলতেই হবে সম্মাজনক এ অর্জন।”
