অ্যাম্বুলেন্সকর্মীদের সুরক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী দিল যুবলীগ
করোনাভাইরাস সঙ্কটকালে ঢাকার বেসরকারি অ্যাম্বুলেন্সকর্মীদের মাধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবলীগ।
বুধবার সকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে তা বিতরণ করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের ৭২টি ওয়ার্টে নেতাকর্মীদের মাধ্যমে অসহায় মানুষের মাছে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও জানান যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খাঁন নিখিল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই আমরা ঢাকাসহ সারাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক কমিটির নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
“আমরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌছে দিতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। আমাদের দেওয়া অ্যাম্বুলেন্স কর্মীসহ বেসরকারি অ্যাম্বুলেন্সকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক নিখিলের নেতৃত্বে সারা দেশে এই ত্রাণ কার্যক্রম চলছে বলে জানান যুবলীগের নেতারা।
এ সময় যুবলীগের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
