ফখরুলকে পড়ার টেবিলে ফিরিয়েছে লকডাউন
অধ্যাপনা ছেড়ে রাজনীতিতে ঝঞ্ঝামুখর সময়ের মধ্য দিয়ে চলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ফুরসত নিয়ে এসেছে চলমান লকডাউন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মাসখানেক আগে থেকে চলা এই অবরুদ্ধ অবস্থায় রাজনৈতিক সভা, সমাবেশ, কর্মসূচি সব বন্ধ হয়ে যাওয়ায় কার্যত ঘরেই সময় কাটছে ৭৩ বছর বয়সী মির্জা ফখরুলের।
গত প্রায় এক দশক ধরে প্রতিদিন যেখানে নয়া পল্টন ও গুলশানের কার্যালয়ে যাতায়াতের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে হত, সেখানে এই এক মাসে হাতে গোনা কয়েক দিন গুলশান কার্যালয়ে গেছেন তিনি। উত্তরার দক্ষিণখানে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণসহ অল্প কয়েকটি কর্মসূচির জন্যই তাকে বাসা থেকে বেরোতে হয়েছে।
ঘরে বসেই মোবাইল ফোন ও ইন্টারনেটে দলের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বিএনপি মহাসচিব। এরপরে যে সময় থাকছে তাতে টেলিভিশনে খবর দেখা, দেশি-বিদেশি পত্রিকা পড়া ও বই পড়ায় কাটছে মির্জা ফখরুলের।
তবে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব হওয়ায় রাজনৈতিক দায়িত্বও তাকে যথেষ্ট সামলাতে হচ্ছে বলে ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনই বহু নেতা-কর্মী মহাসচিবকে টেলিফোন করেন। তাদের নানা সমস্যার কথা শুনতে হয়, কোনো কোনো ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সমাধানও দিতে হয়, দুঃস্থ-অসহায় কর্মীদেরও খোঁজ-খবর নিতে হয়।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে যোগ দিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলন শেষে নিজের কক্ষে বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই সাক্ষাৎকার দেন তিনি।
কেমন সময় কাটছে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এখন বাসায় বসে সাংগঠনিক কাজ-কর্ম করছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে কথা-বার্তা হয়, আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়। এছাড়া সারা দেশের নেতা-কর্মীদের সাথে আমার কথা-বার্তা হয়, জেলাগুলোর প্রেসিডেন্ট, সেক্রেটারি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সাথে যোগাযোগ হয়। টেলিফোনে বা ইন্টারনেটেই সবার সাথে আমি যোগাযোগ রাখছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র মির্জা ফখরুল কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করেছেন সরকারি কলেজে। পরে তিনি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে নামেন।
ছাত্রজীবনে বাম ছাত্র সংগঠনের নেতা মির্জা ফখরুলের রিডিং রুমের কেবিনেটে কাল মার্কস, মাও সেতুংসহ সমাজতান্ত্রিক মতাদর্শের লেখকদের বই রয়েছে। জর্জ বার্নাড শ, ম্যাক্সিম গোর্কি, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ বিখ্যাত সব কবি-লেখক-কথাসাহিত্যিকের বই রয়েছে। রয়েছে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীসহ একাত্তরের মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন বই।
ঢাকা কলেজের সাবেক শিক্ষক ফখরুল বলেন, “বই পড়াটা আমার একটা ডেইলি রুটিন বলতে পারেন। এই শাটডাউন অবস্থায় ঘরে থাকছি। আমার অন্যতম সঙ্গী হচ্ছে বই। এখন বেশি সময় বই পড়ি।”
এখন কোন বইটা পড়ছেন জানতে চাইলে ফখরুল বলেন, “এখন আমি পড়ছি ‘ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি’। বইটি জেমস টমাসের। মিয়ানমারের ওপরে একটি রিসার্চওয়ার্ক করেছেন তিনি।”
উত্তরার ওই বাসায় এখন মির্জা ফখরুলের একমাত্র সঙ্গী তার সহধর্মিনী রাহাত আরা বেগম।
ফখরুল বলেন, “বাসায় এখন শুধু আমার স্ত্রী আছেন। আমার ছোট মেয়ে সাফারুহ তার স্বামী ও একমাত্র ছেলে জুমারকে নিয়ে থাকে মোহাম্মদপুরের বাবর রোডে তার বাসায়।
“বড় মেয়ে সামারুহ স্বামী ও একমাত্র মেয়ে শেভারকে (শেলি) নিয়ে থাকে অস্ট্রেলিয়ায়। আমার বড় মেয়ে পিএইচডি করে অস্ট্রেলিয়া সরকারের হেলথ ডিপার্টমেন্টে সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে।”
কারাবাসের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। সেই থেকে তাকে জীবনযাপনেও কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। কয়েকবার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর ঘুরে এসেছেন ফখরুল। এ বছরের প্রথম দিকে তার সিঙ্গাপুরে চিকিৎসার ফলোআপে যাওয়ার কথা থাকলেও তা হয়নি।
শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আমার ক্যারোটিড আর্টারিতে ব্লক আছে- ওই অবস্থাতেই আছি। ওষুধ খাচ্ছি নিয়মিত। আমার একটা আইবিএসের সমস্যা আছে। সেজন্য মাঝে মধ্যে সমস্যা করে। ওষুধ খাই।
রাতে ঘুমাতে যান কখন জানতে চাইলে তিনি বলেন, “ঘুমাতে আমার একটু দেরি হয় বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে। এখন রোজার মাসে ১২টার পরে ঘুমাতে যাওয়ার চেষ্টা করি।”
দলের চেয়ারপারসন খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “উনি তো গুলশানের বাসায় আছেন। উনি তো অসুস্থ জানেন, চিকিৎসা চলছে। উনি কোয়ারেন্টিনে আছেন। তবে অবস্থা আগের চে্য়ে কিছুটা ভালো।”
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২৫ মাস কারাবাসের পর মার্চে শর্তসাপেক্ষে ছাড়া পেয়েছেন খালেদা জিয়া। এরপর থেকে গুলশানে নিজের বাসায় আছেন তিনি।
