ডা. মঈনের জন্য শোক পালন করবে ড্যাব
নভেল কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সনমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
শনিবার সারা দেশে কালো ব্যাজ ধারণ করে এক মিনিট নীরবতা পালন করবেন তারা।
ড্যাবের প্যাডে সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়েছে।
“কর্মসূচি অনুযায়ী ১৮ এপ্রিল সারা দেশে চিকিৎসক ও সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা কালো ব্যাজ ধারণ, সেদিন বেলা ১২টা থেকে এক মিনিট যার যার অবস্থানে থেকে নীরবতা পালন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর দোয়া প্রার্থনা করবেন।”
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান ডা. মঈন উদ্দিন।দেশে করোনাভাইরাসে মারা যাওয়া অর্ধশতাধিকের মধ্যে তিনিই একমাত্র চিকিৎসক।
নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ৫ এপ্রিল থেকে সিলেট শহরের হাউজিং এস্টেট এলাকায় নিজের বাসায় আইসোলেশনে ছিলেন ডা. মঈন।
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৭ এপ্রিল রাতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেটে এই হাসপাতালেই কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে।
সেখানে অবস্থার অবনতি হলে তার ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে। পরদিন বিকালে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
