মহামারী মোকাবিলায় চরম অব্যবস্থাপনা: ফখরুল
করোনাভাইরাসের মহামারী মোকাবিলায় সরকারের ‘অবহেলা-অজ্ঞতায় চরম অব্যবস্থাপনা’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পথচারীদের হাত ধোয়ার সুবিধার জন্য সোমবার তেজগাঁওয়ে একটি বেসিন উদ্বোধনের অনুষ্ঠানে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আজকে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, করোনাভাইরাসে আক্রান্ত হলে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। যে হাসপাতালগুলোতে চিকিৎসার কথা বলা হচ্ছে, সে হাসপাতালগুলোতে আসলে কোনো চিকিৎসা নাই। আজকে কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম কুয়েত মৈত্রী হাসপাতালে যারা নার্স আছেন, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই।
“এই যে চরম একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একটা মাত্র কারণ হল- সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা। অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি কীভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।”
জটিল, ভয়াবহ, অমানবিক একটি পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
“আসুন আজকে আমরা যে যেখানে আছি, যে যতটুকু পারি, যেভাবে পারি আমরা যেন এই চরম দুর্দিনে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।”
ভাইরাসের বিস্তার মোকাবেলায় অফিস-আদালত, চলাচল বন্ধ রেখে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়ায় দেশের অনেক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকার তাদের বিষয়ে কোনো ‘বাস্তব কার্য্করী পদক্ষেপ নিচ্ছেন না’ বলে অভিযোগ করেন ফখরুল।
“সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ দিনে এনে দিনে খাওয়া মানুষ অসহায় পরিস্থিতির মধ্যে আছে, অনেকে না খেয়ে আছে।”
এই পরিস্থিতি সামলে নিতে সরকার যে প্রণোদনা তহবিলের ঘোষণা দিয়েছে, তারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
“শুধুমাত্র যারা বিত্তশালী, যারা বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত, বিভিন্ন গার্মেন্টসের সাথে জড়িত, তাদের জন্যে এই প্যাকেজগুলো করা হয়েছে। তাও শুধুমাত্র ঋণের জন্য। আমরা দেখেছি এই প্যাকেজটা একটা ব্যাংক ঋণের প্যাকেজ। সাধারণ মানুষের জন্য কোনো বরাদ্ধ আমরা দেখতে পারছি না।
“আমরা পত্রিকাগুলোতে দেখছি ১০ টাকা কেজি চাল দেওয়া হচ্ছিল গরিব লোকের জন্য, তা চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের ঘরে …. । আমরা দেখছি গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা বেতন চাচ্ছে, তাদের বেতন না দিয়ে পেটানো হচ্ছে। আজকে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।”
বিএনপি মহাসচিব বলেন, করোনাভাইসের মহামারী থেকে বাঁচতে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ হতে এবং দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তাদের চেয়ারপারসন খালেদা জিয়াও দেশবাসীর জন্য ‘দোয়া’ করছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁওয়ে দিনকাল পত্রিকার কাছে হাত ধোয়ার ওই বেসিন স্থাপন করা হয়। ফাউন্ডেশন ইতোমধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় তিনশ বেসিন স্থাপন করে জনসাধারণের হাত ধোঁয়ার ব্যবস্থা করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বেসিন স্থাপনের ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যদের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী মাহবুব আলম, আসাদুজ্জামান চুন্নু, আশরাফ রেজা ফরিদী, উমাশা উমায়ুন মনি চৌধুরী, কামরুল হাসান সাইফুল, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান এ সময়ে উপস্থিত ছিলেন।
