মজুদদার, ত্রাণ লুটপাটকারীদের প্রতিহত করুন: কাদের
দেশে নভেল করোনাভাইরাসের সঙ্কটের মুহূর্তে যারা ত্রাণ লুট ও নিত্যপণ্য মজুদ করে জনস্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত তাদেরকে প্রতিহত করতে জনগণ, নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার বিকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশ যখন করোনাভাইরাস সংক্রমণে উদ্বেগের মধ্যে মানুষ জীবন যাপন করছে, ঠিক সেই সময় একটা স্বার্থান্বেষী মহল সরকারের ত্রাণসামগ্রী নিয়ে, খেটেখাওয়া অভাবী মানুষের ত্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে, লুটপাটে অংশ নিচ্ছে। তারা গণবিরোধী। এই গণবিরোধী চক্রকে প্রতিহত করতে হবে।
“একটি কুচক্রিমহল এই দুর্যোগময় মুহূর্তেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে জণস্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত ।তাদেরকে প্রতিহত করতে জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
বিরোধের রাজনীতি পরিহার করে বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাসের সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, “বাংলার নববর্ষের প্রাক্কালে দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবী, শ্রমজীবী, স্বেচ্ছাসেবীসহ সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অদৃশ্য শক্তি করোনাভাইরাস সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
“কোনো দলীয় রাজনীতির জন্য নয়, দেশ ও মানুষকে বাঁচানোর জন্য রাজনীতি। যার যার আদর্শ তার তার কাছে, আজকের রাজনীতি কোনো মতাদর্শের রাজনীতি নয়, এই অদৃশ্য শক্তিকে মোকাবেলা করার জন্য আজকে সকলের জাতীয় উদ্যোগ প্রযোজন।”
সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাকে সাহায্য করার জন্য শেখ হাসিনাকে সাহায্য করুন। এটাই সর্বস্তরের জনগণের কাছে আহ্বান। ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।”
“নিজেদের অস্তিত্বের স্বার্থে, যেকোনো অবস্থাতেই জনসমাগম এড়িয়ে চলতেই হবে,” বলেন ওবায়দুল কাদের।
