চাপে পড়ে সঠিক প্রতিবেদন দেননি চিকিৎসকরা: ফখরুল
সরকারের চাপে বিএসএমএমইউর চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ‘সঠিক’ প্রতিবেদন দিতে পারেননি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পানি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, “দুর্ভাগ্য আমাদের যে, আজকে পিজি হাসপাতালের (বিএসএমএমইউ) ডাক্তাররা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঠিক রিপোর্ট দিতে পারলেন না। সরকার তাদেরকে বাধ্য করেছে সঠিক রিপোর্ট না দেওয়ার জন্য।
“দুর্ভাগ্য আমাদের বিচার বিভাগ, উচ্চ আদালত সঠিক বিচার করতে পারেন না। কারণ এখানে আজকে একনায়কতন্ত্রের ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা চলছে।”
দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “তিনি অত্যন্ত অসুস্থ। ২৫ ফেব্রুয়ারি যে ব্লাড পরীক্ষা করা হয়েছে, সেখানে দেশনেত্রীর ফাস্টিং সুগার ১৮ দশমিক ৫ ছিল। নিয়মিত সুগার এই মাত্রায় হলে তা হার্ট, কিডনিসহ লাংয়ে প্রভাব ফেলতে পারে।
“কিন্তু এই সরকার এতোই প্রতিহিংসা পরায়ন যে, তার(খালেদা জিয়া) প্রাপ্য জামিন পর্যন্ত দিচ্ছে না।”
বিএনপি চেয়ারপারসনের মুক্তির লক্ষ্যে আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।
গত ২৭ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ কারাবন্দি খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদন দেয়।
মেডিকেলের প্রতিবেদন পাওয়ার পর হাই কোর্ট খালেদা জিয়ার জামিন আবেদনটি খারিজ করে দেয়।
বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির ঘোষিত সারাদেশের জেলা সদরে মানববন্ধনের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে এক ঘণ্টার এই কর্মসূচি হয়।
ফুটপাতে দাঁড়িয়ে নেতা-কর্মীরা বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেয়।
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “এই সরকার লুটেরা সরকার, এই সরকার ব্যর্থ সরকার, এই সরকার জবরদখলকারী সরকার। আওয়ামী রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। সেই কারণে এখন সে জোর করে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে বন্দুক-পিস্তল দিয়ে ৩০ তারিখে নির্বাচনে ২৯ তারিখ করে দিয়ে সে ক্ষমতা দখল করে আছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশের সম্পদকে লুট করে বিদেশে পাচার করা।”
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় এই মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা এজেডএম জাহিদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদ, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, কৃষক দলের হাসান জাফির তুহিন, মৎস্যজীবী দলের আবদুর রহিম বক্তব্য রাখেন।
