২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি

বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ বলেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2020, 01:46 AM

Updated : 18 Aug 2022, 02:36 PM

বিইআরসির ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তা না করলে জনগণ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হবে বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান বিনা ভোটের সরকার জবাবদিহিতার তোয়াক্কা করে না বলেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে।

“জনগণের কষ্টের কথা বিবেচনায় না নিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি সরকারের লুটপাটেরই বর্ধিত প্রকাশ। আমি বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”

ফখরুল বলেন, “এই মূল্যবৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। স্বল্প আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীরা দুর্বিষহ অবস্থায় পড়বে। কলকারখানা ও কৃষিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।”

তিনি বলেন, “সরকারের উন্নয়ন বুলির আড়ালে লুটপাটের মহোৎসবের কাহিনী এখন মানুষের মুখে মুখে। সরকারের প্রতিটি নীতি হচ্ছে হরিলুটের নীতি।

“জনগণ মরে যাক, তাতে সরকারের কিছুই আসে যায় না। গণবিরোধী সরকারের অঙ্কটি খুবই সোজা। তারা চুরি করে ক্ষতির টাকা জনগণের পকেট থেকে কর্তন করবে।”