২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটি ভোট: শত বছরের ‘সেরা নির্বাচনের’ তালিকায় রাখছেন হানিফ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে বিগত ১০০ বছরের মধ্যে ‘সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন’ হিসেবে দেখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 07:46 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

শনিবার সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

পরাজয়ের শঙ্কা থেকে বিএনপি এই নির্বাচন নিয়ে ‘নির্লজ্জ মিথ্যাচার’ করছে বলে মন্তব্য করেন হানিফ।

তিনি বলেন, “এত শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা করে আজকে যখন শান্তিপূর্ণ ভোট হয়েছে সেই ভোটের পরে বিএনপি তাদের পরাজয়ের আশঙ্কা করে আগেভাগে কিছু অভিযোগ করার জন্য এই সমস্ত নির্লজ্জ মিথ্যাচার করেছে।”

Image
ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ (ফাইল ছবি)

ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ (ফাইল ছবি)

মাহাবুব-উল-আলম হানিফ বলেন, “আজকে যে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে আমার মনে হয়, বাংলাদেশে গত একশ বছরের যে কোনো নির্বাচনকে যদি পর্যবেক্ষণে আনা যায় তাহলে এই রকম অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনও দেখা গিয়েছে কি না এটা আমার সাংবাদিক বন্ধুরাই ভালো বলতে পারবেন।”

কোথায় বিএনপি'র পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে, কোথায় বের করে দেওয়া হয়েছে প্রশ্ন ছুড়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “একটা জায়গায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি যে কাউকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।”

বিএনপির ‘সাংগঠনিক দুর্বলতার’ কারণে কোন কোন জায়গায় তাদের এজেন্টরা আসেননি বলে জানতে পেরেছেন বলেও দাবি করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হানিফ বলেন, “এই যে নির্লজ্জ মিথ্যাচার ফখরুল সাহেব গণমাধ্যমে করেছেন, এই মিথ্যাচারে কান দেবেন না। বিভ্রান্ত হবেন না।”

মির্জা ফখরুলকে অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারলে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন হানিফ।

“তিনি বলেছেন, সরকার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সন্ত্রাস করে নৌকার প্রার্থীকে জয়ী করার চেষ্টা করেছে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে। এটা চরম মিথ্যাচার। চরম নিন্দনীয় উক্তি।

“আমরা ফখরুল সাহেবকে আহ্বান জানাব, আপনি এই উক্তি করেছেন উক্তির পেছনে, আপনার অভিযোগের পেছনে যদি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণ জাতির সামনে তুলে ধরতে হবে। যদি প্রমাণ উপস্থাপন করতে না পারেন তাহলে আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এই মিথ্যাচারের জন্য।

“এদেশের কোনো রাষ্ট্রীয় সংস্থা বা বাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করে তাদেরকে অভিযুক্ত করা- এটা কোনো মতেই একটা সুনাগরিকের পরিচয় বহন করে না, দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।”

কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে হানিফ বলেন, “টানা সরকারি ছুটি ও গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটারই হয়ত ঘরের বাইরে যেতে আগ্রহ প্রকাশ করেননি। সেক্ষেত্রে ভোটের টার্নআউটটা আমাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে নির্বাচন কমিশন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।”

ভোট চলাকালে মোহাম্মদপুরে একজন সাংবাদিকের ওপর হামলার প্রসঙ্গে হানিফ বলেন, “একটা ঘটনার কথা আমাদের কানে এসেছে। মোহাম্মদপুরে একজন সাংবাদিকের সঙ্গে কিছুটা গোলযোগ হয়েছে। সেটা বিএনপি সমর্থিত একজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে। এটার সঙ্গে সরকারদলীয় কোনো ওয়ার্ড কাউন্সিলর বা সরকারদলীয় কোনো মেয়র প্রার্থী নয়। এটা বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর রাজেশ নামের যে প্রার্থী মোহাম্মদপুরের, তার সঙ্গে তার কিছু দ্বন্দ্ব বা হাতাহাতি হয়েছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।