মেয়র হলে ভূমিদস্যুদের থেকে সব খাল উদ্ধারের প্রতিশ্রুতি তাপসের
মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বেদখল হওয়া সব খাল পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার পুরান ঢাকার গেন্ডারিয়ার গড়িয়া মঠ থেকে ভোটের প্রচারে নেমে সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি।
তাপস বলেন, “আমাদের ঐতিহ্যবাহী ঢাকার দক্ষিণ অঞ্চলে আজকে আমরা গণসংযোগ করছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি এতে করে ব্যাপক সাড়া পাচ্ছি।
“আমরা খুবই আশাবাদী, এর প্রতিফলন আগামী পহেলা ফেব্রুয়ারি নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে এই উন্নত ঢাকা গড়ার সুযোগ দিয়ে রায় দেবে।”
বেদখলে থাকা সব খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়ে ফজলে নূর তাপস বলেন, “আমাদের ঢাকার মধ্যে যে খালগুলো বিভিন্নভাবে ভূমিদস্যুরা দখল করে রেখেছে আমরা দায়িত্ব নিয়ে এগুলো দখলমুক্ত করব। পানি উন্নয়ন বোর্ডের দাপ্তরিক কাজে আমরা সহযোগিতা করে এগুলো উদ্ধার করব।
“জলাশয়গুলোকে আমরা পুনরুদ্ধার করব, যাতে করে জলাবদ্ধতা নিরসনসহ আমাদের ঢাকাবাসী নান্দনিক ঢাকা শহরের সুবিধা পায়।”
পার্কগুলোকে উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে নৌকার প্রার্থী তাপস বলেন, “পার্কগুলোর স্বকীয়তা বজায় রেখে আধুনিকায়ন করা হবে, উন্নত করা হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে কাজ করব, যাতে করে পর্যটকরাও আসে।”
গণসংযোগকালে ৪০ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ পিন্টু এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী (স্টিলের আলমারি মার্কা) লাভলী চৌধুরীকে পরিচয় করিয়ে দেন তাপস।
