২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ভোট: উত্তর ও দক্ষিণে মনোনয়নপত্র কেনার হিড়িক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কেনার হিড়িক পড়েছে দুই রিটানিং কর্মকর্তার কার্যালয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2019, 01:13 AM

Updated : 18 Aug 2022, 06:18 PM

তফসিল ঘোষণার পর তিন দিনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এক হাজার ৮৬৪টি ফরম বিক্রি হয়েছে।

উত্তরের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব আবুল কাসেম, কার্যালয় নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে। দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব আব্দুল বাতেন, কার্যালয় গোপীবাগ ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে।

শুক্রবার রিটার্নিং অফিসারদের দুই কার্যালয়ে মেয়র পদের মনোনয়নপত্র বিক্রি না হলেও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিক্রি হয়েছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সময় রয়েছে আর মাত্র চার দিন, ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রধান দলগুলোর মনোনীত প্রার্থীরা এ সময়ের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং জমা দেবেন।

ঢাকা উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয় এবং দক্ষিণের রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে দিনভর ভিড় ছিল সম্ভব্য কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের। অনেক প্রার্থী অনুসারীদের নিয়ে দলবেঁধে মনোনয়নপত্র কিনতে এসেছিলেন। যদিও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র কেনার সময় পাঁচজনের বেশি কর্ম-সমর্থক প্রার্থীর সাথে থাকার সুযোগ নেই।

Image
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক বর্তমান মেয়র আতিকুল ইসলাম শুক্রবার দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক বর্তমান মেয়র আতিকুল ইসলাম শুক্রবার দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

দুই সিটি নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত মোট আটজন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে উত্তরে পাঁচজন ও দক্ষিণে তিনজন।

উত্তরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের সালাউদ্দিন মাহমুদ, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, জাতীয় পার্টির জিএম কামরুল ইসলাম এবং স্বতন্ত্র হিসেবে স্বাধীন আক্তার আইরিন। আর দক্ষিণে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের হাজী সেলিম, বিএনপির ইশরাক হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতউল্লাহ।

শুক্রবার পর্যন্ত ১ হাজার ৮৬৪টি ফরম বিতরণ

সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানান, শুক্রবার পর্যন্ত ঢাকা উত্তরে সাধারণ কাউন্সিলর পদে ৬৪৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

আর দক্ষিণ সিটিতে সাধারণ কাউন্সিলর পদে ৮৯৯ জন এবং সংরক্ষিত আসনে ১৬০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীর সংখ্যা ছিল ৫৬৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২৫ জন। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদে ৭৮২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩১ জন ছিল।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

পাঁচ বছর আগে (২৮ এপ্রিল ২০১৫) প্রার্থী সংখ্যা-

# ঢাকা উত্তরে মেয়র পদে ১৬ জন, ৩৬টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮১ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৮৯ প্রার্থী;

# দক্ষিণে মেয়র পদে ২০ জন, ৫৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯০ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবার ভোটার ও ওয়ার্ড সংখ্যা বেড়েছে। উত্তর সিটি করপোরেশনের ৫৪ ওয়ার্ডের প্রায় সাড়ে ৩০ লাখ ভোটার এবং দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে প্রায় সাড়ে ২৩ লাখ ভোটার।

মেয়র প্রার্থীদের ব্যয় ৫০ লাখ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থীরা প্রচার বাবদ ভোটারপিছু ব্যয় করতে পারবেন সর্বোচ্চ ২ টাকার মতো।

তবে নির্বাচনী ব্যয় সীমা অনুযায়ী কাউন্সিলর পদের প্রার্থীরা ভোটারপ্রতি সর্বোচ্চ ৬ টাকার মতো ব্যয় করতে পারবেন।

Image
বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন বিএনপির প্রার্থী হতে ইচ্ছুক নেতারা

বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন বিএনপির প্রার্থী হতে ইচ্ছুক নেতারা

ভোটার সংখ্যার অনুপাতে নির্বাচনী ব্যয় নির্ধারিত হয় বলে তাদের ব্যয়সীমার এমন হিসাবই দাঁড়িয়েছে।

স্থানীয় সরকার সিটি নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোটার সংখ্যা অনুপাতে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থীরা ৫০ লাখ টাকা ব্যয় করতে পারবেন। ভোটার সংখ্যা ২০ লাখের বেশি হওয়ায় এ নির্বাচনী ব্যয়সীমা।

কাউন্সিলর পদে ১৫ হাজার ভোটারের জন্য এক লাখ টাকা এবং ৫০ হাজার ভোটারের ক্ষেত্রে ৬ লাখ টাকা ব্যয় করার সুযোগ রয়েছে।

প্রচার, পোস্টার ছাপানোসহ অন্যান্য ব্যয় এ খরচের মধ্যেই পড়বে। আচরণবিধি মেনে প্রচারণার নির্ধারিত সময়ে এই ব্যয় করা যাবে।

নির্বাচনী আইনে বলা হয়েছে, প্রার্থীরা একাধিক রঙের কিংবা নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার ছাপাতে পারবেন না। এ কাজে আমদানি করা কাগজ ব্যবহার করা যাবে না। ৪০০ বর্গফুটের চেয়ে বড় আকারের প্যান্ডেল, গেট বা তোরণ নির্মাণ চলবে না। জনসভা ছাড়া একসঙ্গে তিনটির বেশি মাইক ব্যবহার করা যাবে না। ভোটারদের আপ্যায়ন কিংবা গাড়িভাড়া, মিছিলে কোনো গাড়ি বা নৌযান ব্যবহার ও আলোকসজ্জা করা চলবে না।

প্রার্থীকে সব অর্থ খরচ করতে হবে এজেন্টের মাধ্যমে। নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব কমিশনে দাখিল করতে হবে।

কোনো অনিয়ম ধরা পড়লে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। প্রার্থিতা বাতিলের সুযোগও রয়েছে ইসির।

পুরনো খবর:

মেয়র পদে তাপস, হাজি সেলিমের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ
মেয়র পদে বিএনপির ফরম নিলেন রিপন, ইশরাক, তাবিথ
খোকন কাঁদলেন, বললেন ‘কঠিন সময়’ যাচ্ছে
ঢাকায় আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ
বিনা খরচে মেয়র নির্বাচন পার!