নবম কাউন্সিল ঘিরে সরগরম জাতীয় পার্টি
দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর প্রথম কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনকে কেন্দ্র করে শীতের মধ্যেও জাতীয় পার্টিতে চলছে চাঙ্গাভাব।
শনিবার সকাল ১০টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে নবম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধন করবেন পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের।
এরশাদের ছোট ভাই কাদেরই যে দলের চেয়ারম্যানের থাকছেন, তা কাউন্সিলের আগের দিন স্পষ্ট করে দিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।
শুক্রবার পার্টির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকের পর সংবাদ সম্মেলন করে রাঙ্গাঁ বলেছেন, এরশাদপত্নী রওশন এরশাদের জন্য দলে প্রধান পৃষ্ঠপোষক বা ‘চিফ প্যাট্রন’ নামে একটি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার কাউন্সিলের মাধ্যমে তা অনুমোদন করা হবে।
দলে অতিরিক্ত মহাসচিবের পদ সৃষ্টির কথাও শোনা গেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের মুখে। সিনিয়র কো চেয়ারম্যান, কো চেয়ারম্যানের পদে ঘটতে পারে আরো ক’জন জ্যেষ্ঠ নেতার অন্তর্ভুক্তি। প্রেসিডিয়াম সদস্যদের তালিকাতেও আসতে পারে রদ বদল।
জাতীয় পার্টির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের মার্চে। এরশাদের গড়া এ দলের গঠনতন্ত্রে তিন বছর পরপর কাউন্সিল করার বিধান রয়েছে।
গত জুলাই মাসে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর কাদের ও রওশনপন্থিদের দ্বন্দ্ব মিটিয়ে ২৮ ডিসেম্বর কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়।
এই কাউন্সিলে দলকে এগিয়ে নিতে নতুন দিকনির্দেশনা থাকবে মন্তব্য করে জি এম কাদের বলেন, “এবারের কাউন্সিলের মধ্য দিয়ে নবীন-প্রবীণের একটি সেতুবন্ধন রচিত হবে। ত্যাগী-উপেক্ষিত-পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়নের চেষ্টা হবে।”
মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, “নবম কাউন্সিলের পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করবে জাপা। সেই প্রস্তুতিতে দল গুছিয়ে নিতে এ কাউন্সিল রাখবে বড় ভূমিকা।”
এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়ারও ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।
নবম কাউন্সিলকে ঘিরে জমজমাট এখন জাতীয় পার্টির প্রধান দুটি কার্যালয়। বনানীর পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের পাশাপাশি কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ও এখন নেতাকর্মীদের পদচারণায় মুখর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
মঞ্চ নির্মাণের কাজ, ডেলিগেট কার্ড বিতরণ কাজ শেষ বলে জানিয়েছে জাতীয় পার্টি। নগরীর বিভিন্ন স্থানে পোস্টার-ব্যানার লাগানো হয়েছে। চলছে তোরণ নির্মাণের কাজ। ইতোমধ্যে তৃণমূল পর্যায়ের নেতারা কাউন্সিলে যোগ দিতে ঢাকায় সমবেত হতে শুরু করেছেন।
দলের দপ্তর থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় পার্টি।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে বুধবার সন্ধ্যায় আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা ।
আর সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের হাতে জাপার আমন্ত্রণপত্র তুলে দেন আলমগীর সিকদার লোটন।
এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরকেও কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে।
মহাসচিব রাঙ্গাঁ জানিয়েছেন, শনিবার সকালে সম্মেলনের উদ্বোধনী পর্ব শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে কাউন্সিলর ও ডেলিগেটদের কণ্ঠভোটে নির্বাচিত হবেন জাপার আগামী দিনের নেতারা।
