২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের বার্ষিকীতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

একাদশ সংসদ নির্বাচনের বার্ষিকীকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনে আগামী ৩০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 02:05 PM

Updated : 08 Apr 2022, 05:14 PM

সোমবার দুপুরে ঢাকার নয়া পল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন,  “আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ হবে। নেতা-কর্মীরা সেদিন কালো ব্যাজ ধারণ করবেন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় অফিসগুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।”

সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়েছে বলে জানান রিজভী।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ নির্বাচনে ২৫৮ আসনে অভাবনীয় জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে মাত্র ছয়টি আসনে জয় পেয়ে ভরাডুবি হয় বিএনপির।

ওই নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে বিএনপি ওই ফলাফল প্রত্যাখ্যান করে। শুরুতে শপথ না নেওয়ার অবস্থানে অনড় থাকলেও শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া নির্বাচিত বাকিরা সংসদে যান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূরের ওপর রোববারের হামলার ঘটনার নিন্দা জানানো হয় বিএনপির সংবাদ সম্মেলন থেকে।

নয়া পল্টনে এই সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।