২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সাক্ষাৎ চান রব-মান্নারা

দুর্নীতিতে দণ্ডিত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আ স ম আবদুর রবের নেতৃত্বে পাঁচজনের নামের তালিকা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2019, 07:22 PM

Updated : 08 Apr 2022, 05:03 PM

অন্য নেতারা হলেন- জেএসডি সভাপতি রবের স্ত্রী তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী ও গণফোরামের রেজা কিবরিয়া।

রোববার ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন খালেদা জিয়া। এর মধ্যে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় কয়েক মাস ধরে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

এর আগে গত ২১ অক্টোবর আ স ম আবদুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে একটি চিঠি দেন।

মন্ত্রীর ‘সম্মতির পর’ এখন কারা কর্তৃপক্ষের কাছে নামের তালিকা পাঠানো হয়েছে বলে জাতীয় ঐক্যফ্রন্ট জানিয়েছে।