ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর করার জন্য নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলাপ ভাই নভেম্বরের ৩০ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করার কথা বলেছেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”
উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলাপ ভাই আমাকে বলেছেন সম্মেলনের প্রস্ততি নিতে। আর সম্মেলনের নির্দিষ্ট তারিখ করেছেন ৩০ তারিখ।"
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৩০ নভেম্বর মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করার জন্য। আমি উত্তর ও দক্ষিণের নেতাদের বলেছি, ৩০ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করার প্রস্তুতি নিতে।
২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর ৩ বছর পর ঢাকামহানগর আওয়ামী লীগকে দু’ভাগে বিভক্ত করা হয়।
২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুলইসলাম।
তখন ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সভাপতি করা হয় এ কে এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে। দক্ষিণের সভাপতি হন আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।
