২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ রক্ষায় কাজের স্বীকৃতি পেল আ.লীগের পরিবেশ উপ-কমিটি

পরিবেশ রক্ষা আন্দোলনে ভূমিকা রাখায় ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ স্বীকৃতি অর্জন করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2019, 06:46 PM

Updated : 18 Aug 2022, 06:01 PM

শনিবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এ কথা জানান উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন।

তিনি জানান, প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে পরিবেশ দিবস পালিত হয়। সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরণায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

এসব কর্মসূচির মধ্যে ছিল বায়ু দূষণ ও করণীয় পদক্ষেপ শীর্ষক সেমিনার, বৃক্ষরোপন, রচনা, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম।

তিনি বলেন, “ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রাম বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে গ্লোবাল কার্যক্রম গ্রহণ করে। এই কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বে যারা পরিবেশ রক্ষায় অবদান রেখেছে তাদের স্বীকৃতি দেয়।

“আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রাম গ্রহণ করে 'ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো' স্বীকৃতি অর্জন করেছে। পরিবেশ রক্ষা আন্দোলনে ভূমিকা রাখায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিকে জাতিসংঘ থেকে ধন্যবাদপত্র দেওয়া হয়।”