২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব জাসদ জাসদ নয়: ইনু

জাসদের নামে কিছু লোক বিএনপি-জামায়াতের সঙ্গে ‘হাত মিলিয়েছে’ অভিযোগ করে হাসানুল হক ইনু বলেছেন, সব জাসদই কিন্তু আসল জাসদ নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2019, 12:31 AM

Updated : 10 Oct 2022, 09:34 PM

জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বৃহস্পতিবার জাসদ সভাপতি ইনু বলেন, “যে জাসদের নেতা জাসদের টুপি পরে বিএনপি-জামায়াত জোটের সঙ্গে হাত মেলায়, তারা আর যা-ই হোক দেশপ্রেমিক সন্তান না। এই জাসদ সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।”

সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাহাত্তরের ৩১ অক্টোবর যে জাসদ প্রতিষ্ঠা হয়েছিল, তাতে প্রথম ভাঙন আসে ১৯৮০ সালে। জাসদ ভেঙে তখন প্রতিষ্ঠা হয় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

এরপর ১৯৮৪ সালে কাজী আরেফ আহমেদ ও হাসানুল হক ইনু মিলে যে জাসদ প্রতিষ্ঠা করেন, তা এখন জাসদ (ইনু) নামে পরিচিত।

১৯৯৭ সালে জাসদ (রব), জাসদ (ইনু) ও বাসদ (মাহাবুব) আবার এক হয়ে জাসদ গঠন করলেও তা ২০০২ সালে ভেঙে যায়। চলে যান আ স ম আব্দুর রব, যিনি এখন বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা।

এর অনেক দিন পরে ২০১৬ সালে দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে শরীফ নুরুল আম্বিয়াসহ দলটির কয়েকজন নেতা আলাদা হয়ে বাংলাদেশ জাসদ গঠন করেন।

ইনুর জাসদ ও আম্বিয়ার জাসদ দুটো দলই এখন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ।

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর লগ্নে দেশ এখন ‘নতুন রাজনৈতিক পর্বে’ উন্নীত হয়েছে বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, “নতুন রাজনৈতিক পর্ব, আমাদের কর্তব্য হল গত ১০ বছরে যে সাফল্য অর্জন করেছি তা ধরে রাখতে হবে। সাফল্যকে টেকসই করে সুফলগুলো বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছানো হচ্ছে প্রধান রাজনৈতিক কাজ।”

অসৎ অফিসার, রাজনীতিবিদ, লুটেরা দুর্নীতিবাজরা উন্নয়নের ‘ফসল খেয়ে নিচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।

ইনু বলেন, “সমাজে সুশাসন প্রতিষ্ঠান করতে হলে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলমান রাখতে হবে। দল না দেখে, মুখ না দেখে আইন প্রয়োগ করুন কঠোরভাবে। তাদের গায়ে যে জার্সি থাকুক না কেন।

“উন্নয়নের পথে তারাই আমাদের বাধা। এই বাধা অতিক্রম করতে না পারলে আমরা আবার পরাজিত হয়ে যাব।”

বিএনপি-জামাত জোটের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, “আজকে শুদ্ধি অভিযানকে সমর্থন না দিয়ে বিএনপি-জামায়াত ফাঁকফোকর খোঁজার চেষ্টা করছে। অথচ দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘মাথার তাজ’ বানিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আপনাদের মানায় না।”

নিজের দল নিয়ে হাসানুল হক ইনু বলেন, “জাসদের মালিক কর্মীরা, কোনো ব্যক্তি বা নেতা মালিক না। সমাজতন্ত্রের ঝাণ্ডা হাতে রাজনীতির অঙ্গনে ভূমিকা রেখে চলেছে জাসদ।”

গত ১৯ অক্টোবর বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘মানুষ ভোট দিতে পারেননি’।

তার এ বক্তব্যকে স্বাগত জানিয়ে মেননকে ‘ভোট জালিয়াতির রাজসাক্ষী’ বলছে বিএনপি জোট।

এ বিষয়ে জোট নেতাদের সতর্ক করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, “ফের এমন কোনো ভুল করলে বিএনপি-জামায়াত জোট সুযোগ খুঁজবে।”

তিনি বলেন, “আমাদের চাওয়া-পাওয়ার মধ্যে ফারাক থাকতে পারে। সরকারের ছোটখাট ভুল-ত্রুটি হতেই পারে। তবে এমনভাবে কথা বলতে হবে যেন, তাতে শত্রুরা সুযোগ না পায়। আমাদের আলোচনা হবে, সমালোচনা হবে। কিন্তু ওই ভুল আমরা আর করতে চাই না।”

এই আওয়ামী লীগ নেতা বলেন, “মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ আছি। বিএনপি-জামায়াত নিস্তেজ সাপ, ওরা নিঃশেষ হয়ে যায়নি। তাই মুক্তিযুদ্ধের শক্তিকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। না হলে আমরা থাকব না, আপনারাও থাকবেন না।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন, ‍যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আক্তার উপস্থিত ছিলেন।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াও অনুষ্ঠানে যোগ দেন।