২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্ট নিয়ে খেললে অরাজকতা হবে: খন্দকার মাহবুব

সরকার বিচার বিভাগ নিয়ে ‘খেলা’ করছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এতে বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি হতে পারে, যা কারো কাম্য না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2019, 09:47 PM

Updated : 18 Aug 2022, 05:52 PM

শুক্রবার রাজধানীতে এক কর্মসূচিতে সুপ্র্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও এ অভিযোগ করেন।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, হাইকোর্ট নিয়ে খেলতে যাবেন না, বিচার বিভাগ নিয়ে খেলতে যাবেন না। বিচার বিভাগকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।

“নতুবা বিরূপ মনোভাব অবশ্যই প্রকাশ পাবে। দেশে একটা চরম অবস্থার সৃষ্টি হবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অরাজকতা সৃষ্টি হবে- যেটা আমরা চাই না।”

এই সরকারের পদত্যাগ দাবি করে খন্দকার মাহবুব বলেন, তারা দোদুল্যমান অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে একটু ধাক্কা দিলে তাদের পতন হবে।

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা আইনের শাসন চাই। সংবিধান অনুযায়ী বিচার করতে না পারলে হাইকোর্টের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান।”

শুধু তালিকায় সীমাবদ্ধ না থেকে দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে প্রধানমন্ত্রীর কাছে তিনি আহ্বান জানান।

“আপনি বার বার ভালো ভালো কথা বলবেন আর চমক সৃষ্টি করবেন, চমক সৃষ্টির দিন চলে গেছে। মানুষ জাগ্রত হয়েছে। আইনজীবীরা জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবে।”

জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে একঘণ্টা প্রতীকী অবস্থান কর্মসূচি হয়।

সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বিএনপির সৈয়দ মেহেদি আহমেদ রুমি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ নেছারুল হক, শাহরিয়ার ইসলাম শায়লা, ফরিদ উদ্দিন, কাজী মুনিরুজ্জামান মুনির, ইসমাইল তালুকদার খোকন ও এম এ হালিম বক্তব্য দেন।