২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের হুইপদের মর্যাদা চান রওশন

বিরোধীদলীয় প্রধান হুইপ ও হুইপদের ‘পদমর্যাদা’ দেওয়ার দাবি তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2019, 10:11 PM

Updated : 18 Aug 2022, 05:46 PM

বৃহস্পতিবার একাদশ সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ দাবি জানান।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টির নেত্রী বলেন, “সরকারি দলের চিফ হুইপ ‘মন্ত্রী’ এবং হুইপরা ‘প্রতিমন্ত্রী’র পদমর্যাদা পান। বিরোধী দলেরও চিফ হুইপ বা হুইপ আছেন। কিন্তু তাদের কোনো পদমর্যাদা নেই। পদমর্যাদা না থাকলে তারা কাজ করবেন কীভাবে?”

সংসদে সরকারি দলের প্রধান হুইপ একজন মন্ত্রীর এবং হুইপরা প্রতিমন্ত্রীর সমান সুযোগ-সুবিধা পান।

রোহিঙ্গাদের বিষয়ে সরকারকে সতর্ক করে রওশন বলেন, “রোহিঙ্গাদের কোনোভাবেই বাংলাদেশে রাখা যাবে না। কারণ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা ইতোমধ্যে কমে গেছে। কিছুদিন পর পুরো দায়িত্ব সরকারকে নিতে হবে। তাছাড়া এরা মাদক ছড়াচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশ যাচ্ছে। সুতরাং কোনো অবস্থাতে রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা যাবে না।”

প্রবাসী শ্রমিকদের বিমানবন্দরে হয়রানি করা হয় অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, “আমি নিজে বিমানবন্দরে দেখেছি, প্রবাস থেকে আসা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায়। অথচ দেশে আসার পর বিমান বন্দরে তাদের জিনিসপত্র কেড়ে রেখে দেওয়া হয়।” 

জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে রওশন বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে ম্যালেরিয়া ও যক্ষ্মা আবার ফিরে আসতে পারে। ডেঙ্গু আর চিকুনগুনিয়া তো মহামারি আকার ধারণ করেছে। সুতরাং মন্ত্রণালয়কে এখন থেকে এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

কিশোর অপরাধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রওশর বলেন, “ঝরে পড়া স্কুল ছাত্ররাই কিশোর অপরাধে জড়াচ্ছে, গ্যাং গড়ে তুলছে, মাদক নিচ্ছে, মাদক ব্যবসায় জড়াচ্ছে। এভাবে চলতে থাকলে জাতির ভবিষ্যৎ অন্ধকার। কিশোররা যাতে এসব অপরাধে জড়াতে না পারে সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা থাকলে তারা অপরাধের সঙ্গে জড়াবে না।”